অস্থায়ী সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব খেলাফত মজলিসের
নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের দল খেলাফত মজলিস এই প্রস্তাব করে। বেলা ১১টার দিকে দলের মহাসচিব ও শায়খুল হাদিসের ছেলে মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়। তাঁরা প্রায় দেড় ঘণ্টা মতবিনিময় করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ পাঁচজন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন কমিশনে ১৫ দফা লিখিত প্রস্তাব দিয়েছে। অন্য প্রস্তাবগুলো হলো নির্বাচনী কার্যক্রম শুরুর দিন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ নির্বাচন-সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা এবং নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনের ৭২ ঘণ্টা পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা, নির্বাচনে কালোটাকার প্রভাব এবং সব অপতৎপরতা বন্ধে ব্যক্তিগত প্রচার নিষিদ্ধ করে নির্বাচন কমিশন থেকে সব প্রার্থীর প্রচারণার ব্যবস্থা করা, নির্বাচনসংক্রান্ত মামলা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করা, ধর্ম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো দল বা শক্তিকে নির্বাচন কমিশনের নিবন্ধন না দেওয়া, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কিংবা বিরোধপূর্ণ কোনো আইন বা শর্ত আরোপ না করা, সিল মারার স্থান ব্যতীত প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা, প্রবাসী ভোটারদের ভোট গ্রহণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সংলাপ শেষে মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ‘মতবিনিময়ে আমরা প্রত্যক্ষ করেছি, নির্বাচন কমিশনের সবাই আমাদের ৮০ থেকে ৮৫ ভাগ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে তাঁরা সুনির্দিষ্ট কোনো প্রস্তাবের বিষয়ে দ্বিমত করেননি।’
পরে নির্বাচন কমিশনের সচিব মো. হেলাল উদ্দিন সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, ‘খেলাফত মজলিসের ১৫ দফা প্রস্তাবের কিছু বিষয় রাজনৈতিক, কিছু বিষয় আছে সাংবিধানিক। রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করা ভালো। সাংবিধানিক বিষয়গুলোর ব্যাপারে আমরা সবার সঙ্গে সংলাপ শেষে সরকারকে অনুরোধপত্রের মাধ্যমে অবহিত করব। আর যেসব প্রস্তাব নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, সেগুলো আমরা অবশ্যই সমাধানের উদ্যোগ নেব।’
বিকেলে ইসলামী ঐক্যজোটের (একাংশ) সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপ স্থগিত করা হয়েছে। জানা গেছে, ইসলামী ঐক্যজোট সংলাপের তারিখ পরিবর্তনের আবেদন করেছে।