যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আলমগীর কবিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এতে বিএনপি স্বস্তিতে ও আওয়ামী লীগ অস্বস্তিতে আছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর কবির মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্রে ত্রুটি থাকায় আলমগীরের প্রার্থিতা বাতিল হয়।
কেশবপুরের নির্বাচনী কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, নিয়ম অনুযায়ী ১০০ জনের স্বাক্ষর নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির মনোনয়নপত্র জমা দেন। পরে ওই ১০০ জন থেকে নির্বাচন কমিশনের বাছাইকৃত পাঁচজনকে তাঁদের স্বাক্ষরের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তাঁরা স্বাক্ষর করেননি বলে জানান। এ কারণে তাঁর মনোনয়নপত্র গত রোববার বাতিল হয়। পরে আলমগীর গত সোমবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন। গত বুধবার শুনানি শেষে আপিল নামঞ্জুর হওয়ায় তাঁর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়।
পৌর এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আলমগীরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপিতে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এ নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি দেখা দিয়েছে। তবে নির্বাচনে উভয় দলের মধ্যে তীব্র লড়াই হবে বলে তাঁরা মনে করছেন।
আলমগীর কবির বলেন, ১০০ সমর্থকের মধ্যে দু-একজনের ভুলভ্রান্তি হতে পারে। সমর্থকেরা স্বাক্ষর করার পর তাঁদের হুমকি দেওয়ায় তাঁরা পরে স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করেন।
এ ব্যাপারে বিএনপির মেয়র প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস বলেন, আলমগীর কবির প্রার্থী থাকলেও কোনো অস্বস্তি থাকত না। আলমগীর কবিরের সঙ্গে দলের কোনো লোকই ছিল না।
কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, ‘আমাদের একক প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস।’
আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আলমগীর কবির যে ভোট পেতেন সে ভোট আমিই পাব। এখানে অস্বস্তির কারণ নেই।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ‘আমরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমাদের ভোটাররা আমাদের ভোট দেবেন।’