অ্যামনেস্টির প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: আ.লীগ
বাংলাদেশের সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যখন জ্বালাও-পোড়াও করেছে, তখন তাদের চোখে পড়ে নাই। যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, তখনো তারা বিরোধিতা করেছে। সুতরাং তাদের উদ্দেশ্যে স্পষ্ট। প্রকৃতপক্ষে তারা যে দেশে বসে কাজ করে, সেই দেশ যুক্তরাজ্যেও গণমাধ্যমের এমন স্বাধীনতা নেই।’
এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংবদিক কাশেম হুমায়ুন, কবি তারিক সুজাতসহ প্রচার কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হয়। ২০ মে সারা দেশের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদকদের নিয়ে গণভবনে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।