আ জ ম নাছিরের পক্ষে ভোট চেয়ে মেডিকেলে ছাত্রলীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পাওয়ার পরপরই নির্বাচনী প্রচারণায় নেমেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ নাছিরের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পাসে মিছিল করেছে। এটি আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নির্বাচনী কর্মকর্তারা।
গতকাল দুপুর ১২টার দিকে চমেক ছাত্রলীগের নেতারা নাছিরের পক্ষে মিছিল বের করে। এতে চমেক ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্র সংসদের সহসভাপতি মাহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনজুম তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস থেকে মিছিলটি প্রবর্তক মোড়ে যায়। এরপর আশপাশের সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে যায়। মিছিলকারীরা নাছিরের নামে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁর জন্য ভোট চায়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মিছিল করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আমরা প্রমাণ পেলে ব্যবস্থা নেব।’
জানতে চাইলে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেছি। নাছির ভাইকে ভোট দেওয়ার স্লোগান হলেও এটা প্রচারণা নয়। এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তিনি আমাদের অভিভাবক।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন মেয়র প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পেলেও এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।