আ. লীগ জামানত হারানোর ভয়ে নির্বাচন দিতে চায় না: ফখরুল

আওয়ামী লীগ বন্দুকের জোরে দেশের সব অর্জন কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিশ্চিত পরাজয় ও জামানত হারানোর ভয়ে তারা নতুন নির্বাচন দিতে চায় না। জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এখন সবকিছু ভুলে এ জগদ্দল পাথরকে সরাতে হবে। সে জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দলের একটি কর্মশালায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মহিলা দলের নেতাদের উদ্দেশ করে ফখরুর ইসলাম বলেন, পুলিশ যেদিন নারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালাল সেদিনই মহিলা দলের উচিত ছিল রাজপথে নেমে আসা। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আন্দোলনরত শিক্ষার্থী মেয়েদের পুরুষ পুলিশরা কী নির্মমভাবে পেছন থেকে লাথি মেরেছে। আমরা পত্রিকায় এসব দেখলাম। এর বিরুদ্ধেও মহিলা দলের রাস্তায় নামা উচিত ছিল।’
মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (বুধবার) বিশ্ব মানবাধিকার দিবস গেল। ওই দিন এই অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ও গুমের শিকার পরিবারের হতভাগ্যদের মা-বোন, স্ত্রী-সন্তানদের নিয়ে মহিলা দল একটি মিছিল করতে পারত, যা অনেক আন্দোলনের চেয়ে বেশি কার্যকর হতো।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি দাবি করেন, সরকার তারেক রহমানকে ভয় পায়। এ কারণে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা। প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক দিলারা চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।