আ.লীগ জোটের কর্মসূচিতে থাকবে হুদার বিএনএ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করবে নাজমুল হুদার বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)। এখন থেকে বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদা তাঁর ৩১-দলীয় জোটকে (বিএনএ) নিয়ে ১৪ দলের সামনের কর্মসূচিগুলোতে অংশ নেবে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার বিকেলে ১৪ দলের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ কথা বলেন।
দেশে চলমান গুপ্তহত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী ১৯ জুন মানববন্ধন ১৪–দলীয় জোটের মানববন্ধন কর্মসূচিতে নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট অংশ নেবে বলে জানান ১৪ দলে মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ১৪ দল অন্যান্য অসাম্প্রদায়িক দলের সঙ্গেও আলোচনা করবে।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, ‘সন্ত্রাস দমন নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন, তাঁকে আমরা পূর্ণ সমর্থন করি।’ তিনি বলেন, রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাস বন্ধ করতে পেরেছেন এ জন্য তাঁকে ধন্যবাদ। তিনি বলেন, ‘আজকে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ইসরায়েল ও মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার পতনের চক্রান্ত করছে। এ জন্য যদি আমরা ১৪–দলীয় জোটকে শক্তিশালী করি, তবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ দুই জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।