আ.লীগ নেতাদের লাভের জন্য ১০ টাকায় চাল: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের অনৈতিকভাবে লাভবান করাতে ১০ টাকা কেজি দরে সরকার চাল বিক্রি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এই অভিযোগ করেন।

১০ টাকায় চাল বিক্রির নামে অনিয়ম ও লুটপাট হচ্ছে অভিযোগ করে শামসুজ্জামান বলেন, ‘প্রতারণার মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে সাধারণ মানুষকে ঠকিয়ে আওয়ামী লীগদলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মোটাতাজাকরণের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, তা শাসকগোষ্ঠীর জন্য বুমেরাং হবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, যে প্রক্রিয়ায় এই চাল বিপণন হচ্ছে, তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। ডিলার নিয়োগ থেকে শুরু করে চাল বিতরণে তালিকা প্রণয়ন, বিতরণ সবই চরমভাবে দলীয়করণ করা হয়েছে। গরিব মানুষের মাঝে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা। সরকারি–বেসরকারি চাকরিজীবীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি অবিলম্বে দুর্নীতি, অনিয়ম বন্ধ করার দাবি জানান।

বিএনপির এই নেতা বলেন, ২০০৮–এর নির্বাচনের আগে আওয়ামী লীগ ওয়াদা করেছিল, ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল, বিনা মূল্যে সার, ঘরে ঘরে চাকরি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবে। কিন্তু ক্ষমতার সাত বছর পার করলেও ১০ টাকা সেরের চাল দিতে পারেনি। বরং বিগত দিনে তাদের আমলে মোটা চালের মূল্য ৪০ ও অন্যান্য চাল ৫০–৬০ টাকায় কিনে খেতে মানুষের নাভিশ্বাস উঠেছে। সাড়ে সাত বছর পর সীমিতসংখ্যক মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর নামে দুর্নীতি ও লুটপাট করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে এখন তারা লুটপাটতন্ত্রের মহাযজ্ঞ শুরু করেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।