আ. লীগ, বিএনপি ও জাপার কাউন্সিল নিয়ে কানাঘুষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ-এপ্রিলে দেশের বড় তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল হবে। কাছাকাছি সময়ে তিন দলের আগুয়ান কাউন্সিল নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ইতিমধ্যে দলগুলো কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করেছে। দলীয় নেতা-কর্মীরা তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিল ঘিরে ঢাকায় দলগুলোর কেন্দ্রীয় কার্যালয় এখন জমজমাট। গত কয়েক দিন দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের সময়ের তুলনায় কার্যালয়ে নেতা-কর্মীদের পদচারণ বেড়েছে। বিভিন্ন সংগঠনের কর্মসূচিতেও নেতারা সক্রিয় হচ্ছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিল হবে ২৮ মার্চ। বিএনপি বলেছে, মার্চের মধ্যে কাউন্সিল করবে। দলটির একটি সূত্র জানিয়েছে, ১৯ মার্চ কাউন্সিল করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে দলটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যেকোনো একটি স্থান বরাদ্দ পেতে আবেদন করেছে। জাতীয় পার্টি এপ্রিলে কাউন্সিল করবে বলে ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলে দলের পরবর্তী সাধারণ সম্পাদক বা মহাসচিব কে হবেন, সভাপতিমণ্ডলী ও স্থায়ী কমিটিতে কে আসছেন, সেটাই থাকবে মূল চমক।
অন্যদিকে জাতীয় পার্টিতে শেষ পর্যন্ত জি এম কাদের কো-চেয়ারম্যান থাকবেন কি না, মহাসচিব পদে পরিবর্তন আসবে কি না, সাম্প্রতিক সময়ে দলের চেয়ারপারসন এইচ এম এরশাদ আর তাঁর স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বিরোধ কোন পর্যায়ে এসে দাঁড়ায়, সেটিও থাকবে আলোচনায়। তবে তিন দলের প্রধান পদে যে কোনো পরিবর্তন আসছে না, সেটি দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে আগামী ২৮ মার্চ। গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলনের এই তারিখ নির্ধারণ করা হয়। আজ দলের সভাপতিমণ্ডলীর সভা থেকে কাউন্সিল করার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের কাউন্সিলে মূল চমক থাকবে দলটির পরবর্তী সাধারণ সম্পাদক পদ নিয়ে। টানা প্রায় সাত বছর সাধারণ সম্পাদকের পদে থাকা সৈয়দ আশরাফ আবারও একই পদে থাকবেন, না অন্য কেউ এ পদে দায়িত্ব পাবেন?
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। প্রায় সাত বছর দলের কেন্দ্রীয় কমিটির বাইরে থাকা প্রভাবশালী নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্তকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। কেননা এবার এখানে কিছু পরিবর্তন ও নতুন সদস্যের অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে। আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীল নেতা বলেছেন, তাঁদের দলের ৭৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির বেশ কিছু পদে এবার নতুন নেতৃত্ব আসবে।
আওয়ামী লীগের কাউন্সিল মোটামুটি নির্ধারিত সময়ে হচ্ছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা রয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে দলটির সর্বশেষ কাউন্সিল হয়। এবারের কাউন্সিল উপলক্ষে ৭৩টি সাংগঠনিক জেলার কাউন্সিল করার কাজ চলছে। ৬০টির বেশি জেলায় কাউন্সিল হয়েছে। মার্চের আগে আরও অন্তত সাতটি জেলার কাউন্সিল হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাউন্সিল ঘিরে নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত। নতুনেরা পদে আসতে চাইবেন—এটাই স্বাভাবিক। কমিটিতে কারা আসবেন, কারা বাদ পড়বেন, সেটা কাউন্সিলেই বোঝা যাবে।
বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ডিসেম্বরে। প্রায় সাত বছর পর হতে যাওয়া বিএনপির কাউন্সিল ঘিরে আলোচনায় থাকছে মহাসচিব ও দলটির স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব ‘ভারমুক্ত’ হবেন, নাকি অন্য কাউকে মহাসচিব করা হবে এটা নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। এ ছাড়া দলের স্থায়ী কমিটির অন্তত পাঁচটি পদে নতুনদের আনা হবে। সেই পদগুলোতে কারা আসবেন, সেটাও থাকছে আলোচনায়। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদকে কো-চেয়ারম্যানের পদে উত্তীর্ণ করা হবে, এমন অনেক বিষয় সামনে আসছে দলটির কাউন্সিল ঘিরে। অবশ্য এসব বিষয়ে কেবল একক সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। কাউন্সিলের আগেই তাঁর পদে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে পুনরায় চেয়ারপারসন করার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে দলের মহাসচিব পদ নিয়ে দলের মধ্যে গ্রুপিংও শুরু হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিএনপি ২০১৩ সালে কাউন্সিল করার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু সরকারের বাধার কারণে সেটা করা যায়নি। ওই সময় কেন্দ্রীয় কার্যালয় তছনছ করায় গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র হারিয়ে যায়। তিনি বলেন, এবার কাউন্সিল হচ্ছে। বিএনপির মতো বড় হলে পদপ্রত্যাশীর সংখ্যা অনেক। এর মধ্যে বেশি যোগ্যরা পদ পাবেন, অন্যরা পাবেন না। কিন্তু বিএনপি নেতা-কর্মীদের দলের প্রতি আনুগত্য আছে। কাউন্সিলের পদপদবি নিয়ে দলের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না।
জাতীয় পার্টি এপ্রিলে কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। তবে কোনো তারিখ নির্ধারণ করেনি। যদিও সম্মেলন প্রস্তুতি কমিটি করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে আর সদস্যসচিব হলেন মহাসচিব রুহুল আমি হাওলাদার। জাতীয় পার্টিতে এখন এরশাদ ও রওশন এরশাদের দুটি বলয় তৈরি হয়েছে। এই কাউন্সিলে দুটি বলয়কে এক করার নানামুখী চেষ্টা শুরু হয়েছে। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জন্য দলে একটি পদ সৃষ্টি করার কথাও বলছেন কেউ কেউ। বর্তমানে রওশন দলের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য।
জি এম কাদের প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করার চেষ্টা চলছে। পৌরসভা নির্বাচনে দলটি ভালো করতে পারেনি। সাধারণ মানুষকে জাতীয় পার্টিকে পৃথক দল না ভেবে সরকারের অংশ ভাবছে। ফলে দল সামনের দিকে এগোতে পারছে না। তিনি বলেন, কাউন্সিলে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করা হবে। কেবল নেতৃত্ব নয়, আগামী দিনের জন্য একটি দিকনির্দেশনাও থাকবে এই কাউন্সিলে।