আ. লীগ রংপুর নির্বাচন থেকে শিক্ষা নেবে: আইনমন্ত্রী

রংপুরের সিটি করপোরেশন নির্বাচন থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে। এ হার থেকে শিক্ষা নিয়ে কীভাবে আগামীতে জয়ী হওয়া যায় সে বিষয়ে আওয়ামী লীগ কাজ করবে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘উকিল নোটিশ হচ্ছে একটি আইনি প্রক্রিয়া। আইনের মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।’ এ সময় মন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জনগণের কাছে জবাব দেওয়ার প্রস্তুতি নিতে বলেন।
সোনালী ব্যাংকের আখাউড়া স্থলবন্দর বুথের কার্যক্রম ৩৬৫ দিন খোলা রাখা উপলক্ষে কাস্টমস এলাকায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ এস এম শাহরিয়ার মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. শাহ আলী, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার ডিজিএম মো. মোখলেছুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও আখাউড়া স্থলবন্দরের সোনালী ব্যাংকের বুথ খোলা থাকবে। প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ওই বুথে ভ্রমণ কর জমা দিতে পারবেন যাত্রীরা।