আ. লীগ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী, সভাপতি পদে সমান ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তারা সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়লাভ করেছেন। ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ মনোনীত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন পাঁচজন।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফল ঘোষণা করেন বার সমিতির নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান। তবে সভাপতি পদে দুই প্যানেলের প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন—সাধারণ সম্পাদক একরামুল হক, সহসভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজী শওকত সালেহীন এলেন, হিসাব সম্পাদক আখতারুল আলম বাবু, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আলী, অডিট সম্পাদক হেলাল আহমেদ, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক জালাল উদ্দীন এবং সদস্য মুনসুর রহমান, আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সহসভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নূর-এ-কামরুজ্জামান ইরান, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক মনোয়ারা বেগম এবং সদস্য আমজাদ হোসেন ও মোজাম্মেল হক।

নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী লোকমান আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোজাম্মেল হক ২৫৪টি করে ভোট পেয়েছেন। টাই হওয়ায় আগামী রোববার (১৯ মার্চ) সভাপতি পদের ভোট পুনঃগণনা করা হবে। তবে এতে আবারও দু’জনের সমান সংখ্যক ভোট হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সকাল ৯ ‍টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গণনা করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ করা হয় আদালত চত্বরের ১ নম্বর বার ভবনে। মোট ১৫টি বুথে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৫৫৪ জন ভোটার ছিলেন।

২১টি পদের বিপরীতে দুই প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। তবে তাদের কেউই জয়লাভ করতে পারেননি।