আ.লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে : হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ-২ উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, এই উৎসবমুখর ভোট গ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তাদের দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে। ভোটের ফলাফল কী হবে, তা ভোট গ্রহণ শেষে জানা যাবে। ফলাফল যা–ই হবে, তা দলটি মেনে নেবে।

আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ-২ উপনির্বাচন শেষে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে হানিফ বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে সব সময় একটা নেতিবাচক চিন্তা কাজ করে। তাদের লক্ষ্যই হলো নির্বাচনে পরাজিত হলে যেন কথা তুলতে পারেন।’ তিনি আরও বলেন, কুমিল্লা সিটি করপোরেশন ও সুনামগঞ্জে সংসদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল, এখনো আছে। দুটি নির্বাচনেই মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর। এই নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, দোলোয়ার হোসেন, শামসুন নাহার, বিপ্লব বড়ুয়া, রিয়াজুল কবির কাওছার প্রমুখ।