আ.লীগে একক, বিএনপিতে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ ফজলে নূর তাপস, নাসির উদ্দিন, শেখ রবিউল আলম
শেখ ফজলে নূর তাপস, নাসির উদ্দিন, শেখ রবিউল আলম
>
  • ঢাকা-১০ আসনকে বিশেষ গুরুত্ব দেয় আ.লীগের নেতা-কর্মীরা
  • গত ছয়টি নির্বাচনে তিনবার করে জয় পেয়েছে আ.লীগ-বিএনপি

অধিকাংশ আসনে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশীদের জট থাকলেও ঢাকা-১০-এ এই সংকট নেই। এখানে বর্তমান সাংসদ হলেন শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ থেকে আর কোনো মনোনয়নপ্রত্যাশী নেই। তবে প্রার্থী নির্ধারণ নিয়ে সংকট আছে বিএনপিতে। অতীতের সব নির্বাচনে জ্যেষ্ঠ নেতারা নির্বাচন করলেও এবার আলোচনায় আছেন দুই তরুণ নেতা। তাঁরা হলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (অসীম) ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম।

ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০। আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি এই এলাকাকে ঘিরে হলেও এটি কখনো দলটির একক ঘাঁটি ছিল না। ১৯৯১, ১৯৯৬ (ষষ্ঠ সংসদ) ও ২০০১-এর নির্বাচনে এই আসনে জয় পেয়েছে বিএনপি। ১৯৯৬ (৭ম সংসদ), ২০০৮ ও ২০১৪-তে জয় পায় আওয়ামী লীগ।

সর্বশেষ গত দুই মেয়াদে এ আসনে সাংসদ নির্বাচিত হন বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন তিনি। গত নয় বছরে তাঁর সংসদীয় এলাকায় অনেক উন্নয়নকাজ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ প্রথম আলোকে বলেন, গত নয় বছরে এলাকায় উন্নয়নকাজের মধ্য দিয়ে শেখ ফজলে নূর নিজের অবস্থান পোক্ত করেছেন। তিনিই এখানকার একক প্রার্থী।
নির্বাচনী এলাকার ছয়টি ওয়ার্ড ঘুরে জানা গেছে, এলাকার লোকজন প্রয়োজনে সাংসদকে পাশে পান। তাঁর সঙ্গে নিয়মিত দেখা করে অভিযোগ বা দাবি জানাতে পারেন। তবে স্থানীয় লোকজন জানান, কিছু বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ক্রমেই আবাসিক এলাকার চরিত্র হারানো ধানমন্ডিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানমুক্ত করা যায়নি। যানজট অনেক বেড়ে গেছে। কিছু এলাকা বর্ষায় জলাবদ্ধ হয়ে পড়ে।
শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, নির্মল ধানমন্ডি ফেরাতে অনেক চেষ্টা করেও সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানো যায়নি। ফলে কয়েকটি সড়কে যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে প্রক্রিয়া অব্যাহত আছে। সবাইকে সঙ্গে নিয়ে চেষ্টা করে যাচ্ছি। জলাবদ্ধতা অনেকটা দূর হয়েছে, গত বছর রাপা প্লাজার পাশের সড়কে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে এলাকায় গত নয় বছরে অনেক কাজ করেছেন।
এদিকে শক্ত প্রার্থীর অভাব বোধ করছেন এ আসনের বিএনপির নেতা-কর্মীরা। এখানে বিভিন্ন সময় দল থেকে নির্বাচন করেছেন খালেদা জিয়া, জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মীর শওকত আলী, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ। মীর শওকত ও মাহবুব উদ্দিন মারা গেছেন। খালেদা জিয়া ও জমির উদ্দিনের এ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। দুই তরুণ নেতা নাসির উদ্দিন (অসীম) ও শেখ রবিউল আলমের নাম আলোচনায় আছে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, জোটবদ্ধ নির্বাচন হলে প্রথম সারির কোনো গ্রহণযোগ্য নেতাকে প্রার্থী হিসেবে চায় স্থানীয় বিএনপি। তবে বর্তমানে স্থানীয় প্রার্থী হিসেবে রবিউলের পক্ষে আছেন তাঁরা। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ২৫ বছর ধরে ধানমন্ডিতে রাজনীতি করছেন। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন। একাধিকবার কারাগারে গেছেন।
শেখ রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘দলের প্রয়োজনে দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করে যাচ্ছি। শতাধিক মামলা হয়েছে আমার বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
ধানমন্ডি এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির কমিটি নেই। সাংগঠনিকভাবে এলোমেলো অবস্থায় আছেন এখানকার নেতা-কর্মীরা। ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি ও থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘এ এলাকায় কখনো স্থানীয় কাউকে প্রার্থী হিসেবে পাইনি আমরা। ফলে নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন।’ একই মত দিলেন ধানমন্ডি ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান থানা বিএনপির নেতা শাহাদাৎ হোসেন।
তবে এই আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী নাসির উদ্দিনও (অসীম) মনোনয়ন চাইতে পারেন। নয়াপল্টনে ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি বাবুল সরদার নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রীর করা মামলায় নাসির উদ্দিন হুকুমের আসামি। এ ঘটনায় বিতর্কিত হয়ে পড়েন সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস করে এটিকে ঢাকা-১২ আসন করা হয়। গত নির্বাচনে আবার পুনর্বিন্যাসের ফলে আসনটি ঢাকা-১০ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু থেকেছেন ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসায়। ধানমন্ডি ৩ নম্বর রোডে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনও ধানমন্ডিতে অবস্থিত। ফলে এ আসনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে গত ছয়টি নির্বাচনে তিনবার করে জয় পেয়েছে দুই প্রধান দল।