আ.লীগে জট, বিএনপিতে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোতোয়ালি ও বাকলিয়া থানা এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনটি এখানকার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের স্থানীয় কার্যালয়ের অবস্থানও এই এলাকায়। ফলে নগর ও জেলার প্রতিটি দলের কর্মকাণ্ড ও শক্তিমত্তা প্রদর্শনের জায়গা এটি। এই আসন থেকে নির্বাচিত সাংসদ সাধারণত মন্ত্রিপরিষদে জায়গা পান।

বিগত ১০টি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এ আসন নিয়ে একটি প্রচলিত ধারণা আছে। বলা হয়, এ আসনে যে দলের প্রার্থী জেতেন, সেই দলই ক্ষমতায় যায়। ২০০৮ সাল পর্যন্ত কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার আসনটি চট্টগ্রাম-৮ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশন সীমানা বিন্যাস করলে আসনটি চট্টগ্রাম-৯ হয়।

২০১৪ সালে আসনটি আওয়ামী লীগ ছেড়ে দিলে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু নির্বাচিত হন।

অন্তর্বর্তী সরকারের অধীনে ১৯৯১ সালে প্রথম নির্বাচনে বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংসদ হন। ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারির নির্বাচন) ও ২০০১ সালের নির্বাচনেও সাংসদ হয়েছিলেন নোমান। ওই তিনবারই বিএনপি ক্ষমতায় আসে। ১৯৯৬ সালে (সপ্তম সংসদ নির্বাচন) আওয়ামী লীগের প্রয়াত এম এ মান্নান ও ২০০৮ সালে নুরুল ইসলাম (প্রবাসীকল্যাণমন্ত্রী) জয়ী হন। জয়ী হওয়ার পর দুজনই মন্ত্রী হন।

২০১৪ সালের নির্বাচনে নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মহাজোটের স্বার্থে ওই সময় আসনটি জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদকে ছেড়ে দেয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগে জট

আগামী নির্বাচনে মহাজোট থাকবে কি না, তা মাথায় রাখতে চাচ্ছে না স্থানীয় আওয়ামী লীগ। এই আসনে আওয়ামী লীগ থেকে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে মহিবুল হাসান চৌধুরী ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম মনোনয়ন চাইবেন। এর বাইরে আছেন আরও তিনজন।

মন্ত্রী হওয়ার পর নুরুল ইসলাম রাষ্ট্রীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত। তবে চট্টগ্রামে গেলে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম-৯ আসন থেকে একবার এমপি হয়েছি। আগামী নির্বাচনেও মনোনয়ন চাইব।’

নির্বাচনী মাঠে মহিবুল হাসান চৌধুরীও তৎপর। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।

মহিবুল হাসান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন চাইবেন। তিনি বলেন, ‘এই এলাকায় আওয়ামী লীগ ছাড়াও আমার প্রয়াত বাবা মহিউদ্দিন চৌধুরীর হাজারো শুভাকাঙ্ক্ষী আছেন।’

সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘রাজনীতিবিদের লক্ষ্য সংসদে যাওয়া। তাই চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন চাইব।’

এর বাইরে আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মন্ত্রী নুরুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে মুজিবুর রহমান ও প্রয়াত মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর ছেলে জসিমউদ্দিন চৌধুরী মনোনয়ন চাইবেন বলে তাঁরা জানিয়েছেন।

বিএনপিতে কোন্দল

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান তিনবার কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার আসনে জেতেন। ২০০৮ সালের নির্বাচনে তাঁকে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী করে বিএনপি। নোমানের পুরোনো জায়গায় প্রার্থী করা হয় দেশের প্রখ্যাত শিল্প গ্রুপ এমইবির কর্ণধার শামসুল আলমকে।

কিন্তু ওই নির্বাচনের আগের রাতে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় বিএনপির প্রার্থী শামসুল আলমের বস্তাভর্তি ৪১ লাখ টাকা ধরা পড়ে। নির্বাচনী কাজে টাকার বস্তা পরিবহন হয় বলে পুলিশের অভিযোগ ছিল। পরে টাকার বস্তা কোতোয়ালি থানায় নেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হলে নির্বাচনের দিন দলটি বিতর্কের মধ্যে পড়ে।

কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম এবারও মনোনয়নপ্রত্যাশী। তবে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবার শামসুল আলমকে মাঠ ছেড়ে দিতে রাজি নন।

দলীয় নেতারা জানান, শামসুল আলমের নাম বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ঋণখেলাপির তালিকায় আছে। ঋণখেলাপির কারণে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের একাধিক মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

শামসুল আলম বলেন, মনোনয়ন দেওয়ার সঙ্গে খেলাপির কোনো সম্পর্ক নেই। তফসিল ঘোষণার আগেই তিনি সব ঠিক করে নেবেন। ব্যাংকগুলোর সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও চালিয়ে যাচ্ছেন।

গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি এড়িয়ে শামসুল আলম বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত যে বিএনপি আমাকে মনোনয়ন দেবে।’ ৪১ লাখ টাকার বস্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বাংলাদেশে নির্বাচনে টাকার খেলা চলে। সবই গোপন থাকে। তবে ওই টাকা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেনের ছিল।’

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শিল্পপতি শামসুল আলমের নাম উচ্চারণ না করে বলেন, সামাজিকভাবে মর্যাদা হারিয়েছেন কিংবা কোনো ঋণখেলাপিকে বিএনপি মনোনয়ন দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে না।

শাহাদাত হোসেন বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগমুহূর্তে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রাম নগরের চারটি আসনের মধ্যে তিনটি তিন জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও মোরশেদ খানের জন্য নির্ধারণ করে দেন। কোতোয়ালি-বাকলিয়া আসনে নির্বাচনের জন্য আমাকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল।’

জাতীয় পার্টির কী হবে?

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ ২০১৪ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে সাংসদ হন। প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর জন্য কাজ করেছিলেন। কিন্তু আগামী নির্বাচনে জাতীয় পার্টির গতি কোন দিকে তা নিয়ে সংশয় আছে। এই সংশয়ের চক্করে ঘুরপাক খাচ্ছে জিয়াউদ্দিনের ভাগ্য।

ওই নির্বাচনে এ আসন থেকে জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবুল হানিফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আরিফ মঈনুদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী আলী আহমেদ নাজির। আরিফ মঈনুদ্দীন প্রয়াত রাষ্ট্রপতি জিয়া সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এ আসনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হবেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক মেরুকরণ হতে পারে। তখন জোট গঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।