ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশবিষয়ক সংলাপ বর্জন করায় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ ঘটনা দেশ ও জাতির জন্য চরম লজ্জার।
গত বুধবার লন্ডনে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, আওয়ামী লীগ যে সংলাপ, আলোচনা, জবাবদিহি ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তা এবার বিদেশের মাটিতেও প্রমাণ করে দিল।
গত বছরের একই ধরনের সংলাপ এবং গত মঙ্গলবারের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দুটি দেখিয়ে বিএনপির এই নেতা বলেন, অতীতের আমন্ত্রণগুলো যেমন ছিল, এবারেরটাও তেমনি ছিল। এখন আওয়ামী লীগ ‘ব্যক্তিগত আয়োজন’ কিংবা ‘জামায়াত’-এর অজুহাত দিচ্ছে। সবকিছু জেনেই তাঁরা লন্ডনে এসেছেন এবং সংলাপের আগে দুপুরে সবার সঙ্গে ভোজসভায়ও অংশ নিয়েছেন।
ব্রিটিশ পার্লামেন্টে ‘বাংলাদেশে সন্ত্রাসবাদ ও আইনের শাসন’বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। আওয়ামী লীগ ও বিএনপির নিজ নিজ অবস্থান তুলে ধরার কথা ছিল এ আলোচনায়। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংলাপে অংশ নিতে লন্ডনে যান। কিন্তু সংলাপ শুরু হওয়ার কিছুক্ষণ পর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে আয়োজকদের জানান, আওয়ামী লীগের প্রতিনিধিরা সংলাপে অংশ নেবেন না।
পরে লন্ডনে বাংলাদশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের জানান, আওয়ামী লীগের প্রতিনিধিরা বলেছেন, এই সংলাপ সম্পর্কে তাঁদের ভুল বোঝানো হয়েছিল। তাঁরা ভেবেছিলেন এটা ব্রিটিশ সরকার বা পার্লামেন্টের আয়োজন। কিন্তু পরে জানতে পারেন, এটা ব্যক্তিগত আয়োজন।
তবে নাদিম কাদিরের বিরুদ্ধে অসত্য বিবৃতির অভিযোগ এনেছেন সংলাপের আয়োজক হাউস অব লর্ডসের সদস্য অ্যালেক্সান্ডার চার্লস কারলাইল। এক বিবৃতিতে তিনি বলেছেন, ১২ জুলাই তিনি আমন্ত্রিত অতিথিদের কাছে একটি বিবৃতি পাঠান। এতে তিনি জানান, এটি ব্যক্তিগত আয়োজন। এটি জেনে-বুঝেই বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা তাঁদের উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।