আ. লীগের উপদেষ্টা পরিষদে মুকুল বোস

মুকুল বোসকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন থেকে দেওয়া ক্ষমতা বলে দলের সভাপতি শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মুকুল বোসকে মনোনয়ন দিয়েছেন।
এক-এগারোর পর মুকুল বোস সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান। সে সময় তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এক-এগারো পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে মুকুল বোস পদ হারান। ২০১২ সালে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনের পর গঠিত কেন্দ্রীয় কমিটিতেও তাঁর স্থান হয়নি।
মুকুল বোসকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। গঠনতন্ত্র অনুসারে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১। তবে দলীয় প্রধান চাইলে এর চেয়ে বেশি সংখ্যায় উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। এটিকে দলের চিন্তা কোষ বলা হয়।