আ.লীগের কেন্দ্রীয় নেতা হলেন আশিকুর ও সাখাওয়াত

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হলেন এইচ এন আশিকুর রহমান। বিদায়ী কমিটিতেও রংপুরের এই সাংসদ একই পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন শফিক। এ নিয়ে ৮১ সদস্যের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা নির্বাচিত হয়েছেন ৭৬ জন। আর পাঁচটি পদ ফাঁকা আছে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গত জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে সাখাওয়াত হোসেনকে মনোনয়ন দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চূড়ান্ত হলো। ১২ জানুয়ারি আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদকমণ্ডলীর প্রথম সভা।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দায়িত্ব পালন করবেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের। দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব।
সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগের। বি এম মোজাম্মেল হক কাজ করবেন খুলনা বিভাগ নিয়ে। আবু সাঈদ আল মাহমুদ স্বপন দায়িত্ব পালন করবেন রংপুর বিভাগের। এস এম কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন সিলেট বিভাগের।
এর আগে গতকাল বুধবার রাতে এইচ এন আশিকুর রহমানকে কোষাধ্যক্ষ ও ময়মনসিংহের প্রবীণ নেতা মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানান বিপ্লব বড়ুয়া। জাতীয় সম্মেলনের দিন ৪০ জন উপদেষ্টার নাম ঘোষণা করেন দলীয় সভাপতি। এরপর আরও চারজনকে উপদেষ্টা পরিষদে মনোনয়ন দেওয়া হলো। খালি আছে সাতটি পদ। গত সম্মেলনে ৪১ থেকে বাড়িয়ে ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।