আ. লীগের কেন্দ্রীয় নেতাদের ফেরি পদ্মার চরে আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে ফেরিতে আটকা পড়েছেন। 


আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফুল দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতারা সকাল আটটার দিকে ঢাকা থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে ভাষা সৈনিক গোলাম মওলা নামের ওই ফেরিটি চরে আটকা পড়ে।

ফেরিতে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, একদিকে ফেরিটি বড় ছিল, অন্যদিকে নদীতে ভাটা ছিল। এ ছাড়া নাব্যতাও কম ছিল। এ কারণে ফেরিটি আটকে যায়। পরে দলের কেন্দ্রীয় নেতাদের স্পিডবোটে করে নদী পার করানো হয়।

আটকে পড়া ওই ফেরিতে থাকা দুই আলোকচিত্রী ইয়াসিন কবির ও সাইফুল ইসলাম কল্লোল বলেন, তাঁরা বিকল্প উপায়ে নদী পার হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন।

জানা যায়, ইতিমধ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগে ভাগে যাওয়া নেতা ও তাঁর সফর সঙ্গীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়েছেন। আজ টুঙ্গিপাড়ায় বেলা দুইটায় আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হবে।

আটকে পড়া ফেরিতে থাকা কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল মান্নান খান, হাছান মাহমুদ, আবদুর রহমান, অসীম কুমার উকিল প্রমুখ।