আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি এলাকায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়িত দুপক্ষের হিসাব অনুযায়ী, এ সংঘর্ষে উভয় পক্ষের আটটি বসতবাড়ি ভাঙচুর হয়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরু মাতুব্বরের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। ৬ মার্চ স্থানীয় গট্টি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির দুই ছাত্রের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে। ওই দুই ছাত্রের একজন নুরু মাতুব্বর ও অপরজন ওদুদ মাতুব্বরের সমর্থক। এর জের ধরেই শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, দুই ছাত্রের ওই মারামারির ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে নূরু মাতুব্বর ও ওদুদ মাতুব্বরের পক্ষের তিন শতাধিক লোক ঢাল, সড়কি, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বেলা প্রায় সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত হয়। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
ওয়াদুদ মাতুব্বর বলেন, নুরু মাতুব্বর ও তাঁর লোকজনের অতর্কিত হামলায় আমার কয়েকজন সমর্থকের বাড়িঘর ভাঙচুর হয়। এতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। অন্যদিকে নুরু মাতুব্বর বলেন, দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে আমার সমর্থকদের সঙ্গে ওয়াদুদ মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে লাঠিপেটা করে। পরে দুটি কাঁদানে গ্যাস ও শটগানের ১৮টি ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত।