আ. লীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে নান্দাইলে ১৪৪ ধারা
স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ একই জায়গায় সমাবেশ ডাকায় ময়মনসিংহের নান্দাইলের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে এ নির্দেশনা দেওয়া হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলমের বরাত দিয়ে গতকাল রাতে মাইকে ১৪৪ ধারা জারির বিষয়টি সারা শহরে প্রচার করা হয়। আজ বুধবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, দলের সভাপতি ও সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের ওপর গত শনিবারের সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ এলাকায় সভা ও বিক্ষোভ মিছিল করার জন্য তিনি গত সোমবার প্রশাসনের অনুমতি চান। তাঁর আবেদনটি প্রশাসন গ্রহণও করে।
অপরদিকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে হাসান মাহমুদ কমিটির সদস্যদের পরিচিতি সভা করার জন্য একই স্থানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, একই স্থানে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
ইউএনও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
১৪ ও ২৩ জানুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষ একই জায়গায় সমাবেশ আয়োজন করলে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।