আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও করিমগঞ্জে একই সময় একই স্থানে ক্ষমতাসীন দলের দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই স্থানে এ আদেশ বলবৎ থাকবে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকটা ঝিমিয়ে থাকা জেলা আওয়ামী লীগের রাজনীতি হঠাৎ করেই চাঙা হয়ে উঠেছে। বিশেষ করে পাকুন্দিয়া ও করিমগঞ্জে এক পক্ষ অপর পক্ষকে বিপদে ফেলতে নানা অপকৌশল প্রয়োগ করছে। কয়েক বছর ধরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দুই ধারায় বিভক্ত।
পাকুন্দিয়ায় এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সাংসদ সোহরাব হোসেন ও অপর পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। গতকাল সকাল ১০টায় পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বর্ধিত সভা আহ্বান করে উপজেলা আওয়ামী লীগ। একই দিন একই স্থানে মতবিনিময় সভার অনুমতি চেয়ে জোটবদ্ধ হয়ে আবেদন করে উপজেলা ছাত্রলীগ ও শ্রমিক লীগ। ফলে অপ্রীতিকর অবস্থার আশঙ্কা থেকে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন জানান, ‘বর্ধিত সভা করার জন্য এক সপ্তাহ আগ থেকে প্রচারণা চালিয়ে আসছি। আমরা নিশ্চিত বর্ধিত সভাটি পণ্ড করতে ওই দুটি অঙ্গসংগঠন সভা ডাকে। রফিকুল ইসলামের দাবি, অপকৌশলের মাধ্যমে সভা পণ্ডকারীরা স্থানীয় সাংসদের অনুগত। সাংসদ প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করিয়েছেন।’
তবে অভিযোগের বিষয়ে সাংসদ সোহরাব হোসেন বলেন, ‘নিয়ম হলো স্থানীয় সাংসদের সঙ্গে পরামর্শ করে বর্ধিত সভা আহ্বান করতে হয়। কিন্তু আমি এ বর্ধিত সভা সম্পর্কে কিছুই জানি না। আমি কারও পক্ষে নেই। দলে বিভক্তি আছে। সেই কারণে পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনা ঘটতে পারে।’
এদিকে করিমগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান ও করিমগঞ্জের বাসিন্দা জেলা শ্রমিক লীগের সভাপতি এ বি এম সিরাজুল ইসলামের পক্ষ একই সময় একই স্থানে সম্মেলন আহ্বান করায় গতকাল ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে একই কারণে উপজেলার জাফরাবাদ, কাদিরজঙ্গল, দেহুন্দা, কিরাটন ও গুজাদিয়া ইউনিয়নে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির নেতা-কর্মীরা জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে নাসিরুলের পক্ষ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নেন। ওই সময় একই উদ্যোগ নেন সিরাজুলের পক্ষও। গতকাল সকাল ১০টায় নিয়ামতপুর উচ্চবিদ্যালয় মাঠে নিয়ামতপুর ইউনিয়নের সম্মেলন ডাকে নাসিরুল পক্ষ। সেখানে সিরাজুল পক্ষ একই কর্মসূচি দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এ ব্যাপারে নাসিরুল জানান, ‘যেখানে কমিটি গঠনের তারিখ ঘোষণা করছি, শুধু কর্মসূচি বাতিল করতেই সিরাজুল সেখানে একই কর্মসূচি দিয়েছেন।’ তবে সিরাজুল বলেন, ‘নাসিরুলের হাত দিয়ে ভালো কমিটি গঠন হতে পারে না। সেই কারণে আমিও কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছি।’