আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে কোতোয়ালি থানা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এক সভায় এই অনুরোধ জানানো হয়। ওই আসনের বর্তমান সাংসদ মহাজোটের শরিক জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ।
গতকাল শুক্রবার বিকেলে নগরের দারুল ফজল দলীয় কার্যালয়ে কোতোয়ালি থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এই সভা হয়। কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনছুরের সঞ্চালনায় বক্তৃতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদিকা নিলু নাগ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরিবর্তে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ নির্বাচনী এলাকায় জনসম্পৃক্ততা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। জোটের প্রধান শরিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীকে নিষ্ক্রিয় রেখে ওই সাংসদ নিজের পছন্দের লোকজন নিয়ে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ বন্টন করেন। সংগঠনের নিবেদিত নেতা-কর্মীরা বর্তমান সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে স্থানীয় সাংসদের কোনো সহযোগিতা পাচ্ছেন না।
সভায় আরও বলা হয়, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের মূলকেন্দ্র কোতোয়ালি-বাকলিয়ায় সাংগঠনিক পরিস্থিতি অনেকটা নাজুক হয়ে গেছে। তাই আগামী সংসদীয় নির্বাচনে এ আসন থেকে দলের একজন উদ্যমী ও সক্রিয় নেতাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া নেতা-কর্মীদের দাবি। এ ছাড়া সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের যেসব নেতা পদ ধরে রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।