ছেংগারচরে একমাত্র মেয়র প্রার্থী আ. লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল আলম জর্জ
রফিকুল আলম জর্জ

চাঁদপুরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগের রফিকুল আলম জর্জ। আজ শনিবার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় অপর প্রার্থী বিএনপির সারোয়ারুল আবেদিন খোকনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনিই একক প্রার্থী আছেন। এই পৌরসভায় এই দুই প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
জেলার মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, সারোয়ারুল আবেদিনের আবেদনপত্র অসম্পূর্ণ থাকায় আজ সকালে যাচাই-বাছাইয়ের সময় তা বাতিল হয়ে যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, সারোয়ারুল আবেদিনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলেও আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে।
এ ব্যাপারে সারোয়ারুল আবেদিন বলেন, ‘আমি ঠিকমতোই আবেদনপত্র পূরণ করেছিলাম, কিন্তু কেন বাতিল করা হয়েছে, বুঝতে পারছি না। শিগগিরই আপিল করব।’