আ. লীগের বিজয় র‍্যালি, রাজধানীজুড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের র‍্যালির কারণে রাজধানীর রাস্তাজুড়ের তীব্র যানজটের সৃষ্টি হয় আজ। ছবিটি শাহবাগ মোড় সংলগ্ন এলাকা থেকে তোলা।
আওয়ামী লীগের র‍্যালির কারণে রাজধানীর রাস্তাজুড়ের তীব্র যানজটের সৃষ্টি হয় আজ। ছবিটি শাহবাগ মোড় সংলগ্ন এলাকা থেকে তোলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালির কারণে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে আজ শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বাসিন্দাদের রাস্তায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়।

আজ দুপুরের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, র‍্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুপুরের পর থেকে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জড়ো হন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এর পর র‌্যালিটি সেখান থেকে শাহবাগ, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বর নম্বর পর্যন্ত যাওয়ার কথা।
র‍্যালির ফলে দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগ, হোটেল রূপসী বাংলা মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাব হয়ে কলাবাগান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আজ বিকেল চারটার দিকে মাইক্রোবাস নিয়ে মহাখালী থেকে রওনা দিয়েছিলেন চালক জাহাঙ্গীর আলম। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে সক্ষম হন। জাহাঙ্গীর বলেন, ‘একে তো গরম। এর ওপর যানজট, অনেকক্ষণ ধরে বসে আছি। এ ছাড়া কী করার আছে আমাদের? ’

ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া খবরে জানা গেছে, বিকেল তিনটা থেকে এ যানজটের শুরু হয়। এরপর থেকে বিশেষ করে ভিআইপি রোড ও এর আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিকেল পাঁচটার দিকে শাহবাগ ও বাংলামোটর এলাকায় গিয়ে দেখা যায়, গুলিস্তানমুখী রাস্তায় যানবাহনের লম্বা সারি। এ সময় যাত্রীদের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে দেখা যায়। রাস্তার বিপরীত পাশ ফাঁকা থাকলেও যানবাহনের সংখ্যা ছিল কম। যাত্রীদের লম্বা সময় ধরে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেহউদ্দিন প্রথম আলোকে বলেন, র‍্যালির কারণে যানজট দেখা তৈরি হয়েছে। সন্ধ্যার পর যানজট কেটে যেতে পারে।