আ. লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক নিয়ে প্রচারের প্রথমদিনে যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম কামরুজ্জামানের পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া ও তিনজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে শহরের আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিকেলে প্রার্থী এসএম কামরুজ্জামান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। রিটার্নিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।’
এসএম কামরুজ্জামান অভিযোগ করেন, ‘আমার “জগ” প্রতীকের পোস্টার টাঙানোর জন্য তিনজন কর্মী শহরের ওই কলেজ সংলগ্ন এলাকায় যায়। সেখানে “নৌকা” প্রতীকের পক্ষের ৮ থেকে ১০ জন গিয়ে অতর্কিত হামলা করে তিনজনকে মারধর করে ভ্যানের ওপর রাখা দেড় হাজার পোস্টার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলে থাকা আমার ছেলে আহসানুজ্জামান সুমনকেও অপহরণের চেষ্টা করা হয়। দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে সে রক্ষা পায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসিকে জানানো হয়েছে। রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।’
‘নৌকা’ প্রতীকের (আওয়ামী লীগ মনোনীত) প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তা ছাড়া নৌকা প্রতীকের অনুসারীরা এ ধরনের কাজ করবে না। এ ধরনের অভিযোগের ভেতরে নিশ্চয় অন্য কোনো রহস্য রয়েছে।