আ.লীগের ভয় ঘরের কোন্দল, বিএনপির প্রার্থী একজনই

সংখ্যালঘু ভোটারের আধিক্য। প্রথাগতভাবেই নির্ভার আওয়ামী লীগ। ’৯১ থেকে এ পর্যন্ত কোনো নির্বাচনেই দলটিকে নিরাশ করেননি ভোটাররা। নিরাপদ আসন বলেই স্থানীয় বাঘা বাঘা নেতার চোখ এখানে। এক-দুজন নয়, আধা ডজন নেতা প্রার্থী হতে চান খুলনা-১ আসনে। তবে আওয়ামী লীগের জন্য ভয়টা হলো ঘরের কোন্দল।
আওয়ামী লীগের যেখানে ভয়, প্রতিপক্ষ দলের সুবিধা সেখানেই। কারণ, বিএনপি একজন প্রার্থীর পেছনেই ঐক্যবদ্ধ। হিন্দু-মুসলিম ভোটের ফারাক তেমন আর নেই। ফলে সংখ্যালঘু ভোটে পার পাবে না আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা কাদা-ছোড়াছুড়িটা নির্বাচনের দিন পর্যন্ত টানলে বিএনপিকে আর ঠেকায় কে? যদিও সবকিছু গুছিয়ে ফল ঘরে তোলা নিয়ে বিএনপিতে শঙ্কা রয়েছে।
দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১। এলাকাটি হিন্দু সম্প্রদায়-অধ্যুষিত। ফলে বরাবরই আসনটি আওয়ামী লীগের ভোটব্যাংক। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, খুলনার অপর পাঁচটি আসন সময়ে সময়ে বিভিন্ন হাতে পড়েছে। কিন্তু ১৯৯১ সাল থেকেই খুলনা-১ নিরাপদ। গত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনেই আওয়ামী লীগের নেতারা জিতেছেন। ফলে দলীয় মনোনয়ন পেতে মরিয়া বড় নেতারা।
বর্তমান সাংসদ পঞ্চানন বিশ্বাসের বয়স ৭৫। একাদশ সংসদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন তিনি। যদিও তাঁর প্রতি দাকোপের ভোটারদের বিস্তর ক্ষোভ রয়েছে। অভিযোগ আছে, বয়সের কারণে তিনি এলাকায় কম যান। আবার তাঁর আমলে দাকোপে তেমন উন্নয়ন হয়নি।
এ বিষয়ে পঞ্চানন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘যতটুকু সম্ভব চেষ্টা করেছি। বদনাম করার লোকের তো অভাব নেই। আর আমার বয়স হয়েছে এ কথা সত্যি। তবে চুপ করে তো আর থাকি না। সারা দিন তো নির্বাচনী এলাকাতেই ঘোরাঘুরি করি।’
আগামী একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে পঞ্চানন বিশ্বাসকে অনেক বাধা ডিঙাতে হবে। প্রধান দুই বাধার নাম শেখ হারুনুর রশীদ ও ননী গোপাল মণ্ডল। শেখ হারুন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বিরোধীদলীয় হুইপ। বর্তমানে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান।
১৯৯৬ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খুলনা-১ আসনে জয়ী হয়েছিলেন। পরে আসনটি ছেড়ে দেন। উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ হারুন। মনোনয়নবঞ্চিত হন পঞ্চানন বিশ্বাস। তবে সংখ্যালঘু মুখ হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামেন তিনি। টেলিভিশন প্রতীক নিয়ে এই বিদ্রোহী প্রার্থী জিতে যান। পরে তিনি আওয়ামী লীগের সাংসদ হিসেবে শপথ নেন। ২০০১ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন পঞ্চানন।
আওয়ামী লীগ নেতা শেখ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘জেলার চারটি আসনের (নগরের দুটি বাদে) মধ্যে যেখানেই দলীয় নেত্রী আমাকে মনোনীত করবেন, সেখানেই আমি জিতব। তবে মনোনয়ন না পেলেও ক্ষোভ থাকবে না। যিনি পাবেন, তাঁর পক্ষেই কাজ করব।’
পঞ্চাননের সামনে আরেক বড় বাধা সাবেক সাংসদ ননী গোপাল মণ্ডল। ২০০৮ সালের নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৮০১ ভোট পেয়ে তিনি জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমীর এজাজ খান (৬৮ হাজার ৪০২ ভোট)। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন ননী গোপাল। ভোট কেটেছিলেন উল্লেখ করার মতো, ৩৪ হাজার ৫২৭টি। দলীয় প্রার্থী পঞ্চানন বেশ বেগ পেয়েছিলেন। জিতেছিলেন ৬৬ হাজার ৯০৪ ভোট পেয়ে। বিএনপি জোটের কেউ নির্বাচনে না থাকায় রক্ষা।
এই তিনজনের বাইরে আওয়ামী লীগের শক্ত মনোনয়নপ্রত্যাশী আছেন আরও দুজন। দাকোপ উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন এবং বটিয়াঘাটা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।
দ্বন্দ্ব-সংঘাত
আওয়ামী লীগ নেতা শেখ আবুল হোসেনের সঙ্গে সাবেক সাংসদ ননী গোপালের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দ্বন্দ্বের শুরুটা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে। তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ননী গোপাল। দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হন। চাকা মার্কা নিয়ে নির্বাচন করে হেরে যান; দল তাঁকে বহিষ্কার করে। এরপর সম্মেলনের মাধ্যমে আবুল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। সেই থেকে দাকোপ আওয়ামী লীগের নিয়ন্ত্রণ তাঁর হাতে। ওদিকে কোণঠাসা ননী গোপাল ও তাঁর অনুসারীরা। বর্তমানে এই দুজনের সমর্থকদের কেউ কাউকে মানতে পারেন না।
শেখ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সাংসদের সঙ্গে আমার গভীর সম্পর্ক আছে। উনি এবং হারুনুর রশীদ দলীয় মনোনয়ন পেলে আমার আপত্তি নেই। একমাত্র ননী গোপাল মণ্ডল আমাদের কারও সঙ্গে সমন্বয় করে চলেন না। তবে নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর সঙ্গে মিশে কাজ করব।’
ননী গোপাল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমার কোনো নেতা-কর্মীকে টিকিট পর্যন্ত দেওয়া হয়নি। বিভিন্নভাবে আমার নেতা-কর্মীদের কোণঠাসা করে রাখা হয়েছিল। আগামী নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে কাজ করব।’
বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খানও মনোনয়নপ্রত্যাশী। তবে বর্তমান সাংসদ পঞ্চাননের সঙ্গে তাঁর দ্বন্দ্ব আছে। এ বিষয়ে আশরাফুল বলেন, ‘বড় দল। এ ধরনের কিছু সমস্যা তো থাকেই। তবে দলের বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক।’
এই পাঁচজনের বাইরে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন খুলনা সড়ক পরিবহন শ্রমিক লীগের সহসভাপতি শ্রীমন্ত অধিকারী। বেশ জোরেশোরে গণসংযোগ করছেন তিনি। দাকোপ ও বটিয়াঘাটার রাস্তাঘাট, ভবন, গাছসহ বিভিন্ন জায়গায় তাঁর হাজারো ব্যানার-ফেস্টুন চোখে পড়ে। বিভিন্ন উৎসবস্থলেও তাঁকে গণসংযোগ করতে দেখা যাচ্ছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টিও খুলনা-১ আসনে তৎপর। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব সুনীল শুভ রায় এখানে গণসংযোগ চালিয়ে আসছেন।
বিএনপির দুই হিসাব
খুলনা-১ আসন নিয়ে স্বস্তিতে আছে বিএনপি। ২০ দল জোটগতভাবে নির্বাচন করলেও আসনটি বিএনপির ভাগে থাকবে। এখানে বিএনপির একক প্রার্থী খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পান তিনি। দুবারই পরাজিত হন। তবে দলটি মনে করছে, আওয়ামী লীগের এ দুর্গে আঘাত হানার মোক্ষম সুযোগ আগামী নির্বাচন। সে ক্ষেত্রে এজাজ খানই যোগ্যতম প্রার্থী।
আমীর এজাজ খান প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাকে মিছিল-মিটিং করতে দেয় না। আমি পাঁচজনকে নিয়ে এক জায়গায় বসলেই পুলিশ চলে আসে। তারপরও মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এখানে দলীয় কোন্দল নেই। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত, যেখানে খালেদা জিয়ার অংশগ্রহণ থাকবে।’
বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামী। বছর দশেক ধরে দাকোপ ও বটিয়াঘাটায় দলটির কার্যক্রম তেমন চোখে পড়ে না। ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী ছিলেন শেখ মো. আবু ইউসুফ। তিনি ২ হাজার ৩০৮ ভোট পান।