আ. লীগের ভয় প্রতীক, বিএনপিতে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক হোসেন, খায়রুজ্জামান
মোসাদ্দেক হোসেন, খায়রুজ্জামান
>
  • রাজশাহী সিটি নির্বাচন
  • রাজশাহীতে নৌকা প্রতীক খুব কমই জয় দেখেছে।
  • আর বিএনপির কেন্দ্রীয় নেতারা এলেও স্থানীয়রা একত্র হন না

 রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দুই বড় দলের সামনে দুটি চ্যালেঞ্জ। আওয়ামী লীগের ভাবনা দলীয় প্রতীক নিয়ে। কারণ, এখানে নৌকা প্রতীক খুব কমই জয় দেখেছে। আর বিএনপির দুশ্চিন্তা দলীয় কোন্দল। এখানে দলটির স্থানীয় নেতাদের মধ্যে দূরত্ব এতটাই বেশি যে কেন্দ্রীয় নেতারা এলেও তাঁরা একত্র হন না।


আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র। আর বিএনপি থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি মহানগর বিএনপির সভাপতি।

বিশ্লেষকেরা অতীত নির্বাচনের ফল বিশ্লেষণ করে বলছেন, স্বাধীনতার পর থেকে এ এলাকায় ভোটের ফল নৌকার অনুকূলে নেই বললেই চলে। তবে স্থানীয় আওয়ামী লীগের আশা, গত মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দলমত-নির্বিশেষে রাজশাহীর মানুষ এবার খায়রুজ্জামানকেই ভোট দেবেন।

বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ১৯৭৩ সালের নির্বাচনে এ এইচ এম কামারুজ্জামান দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। আসন দুটি হচ্ছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া)। পরে রাজশাহী-২ আসন ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেরে যান। এ আসনের একাংশ নিয়েই রাজশাহী সিটি করপোরেশন এলাকা। ’৭৩-এর পরে ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে খায়রুজ্জামান জয়লাভ করেন। তখন দলীয় প্রতীকে নির্বাচন হয়নি। আবার ওই বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য চৌধূরী সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ২০০৮-এর সিটি নির্বাচনে দলীয় ভোটের পাশাপাশি খায়রুজ্জামানের ব্যক্তিগত ভাবমূর্তি কাজে লেগেছে। এবার দলীয় প্রতীকে সিটি নির্বাচন হচ্ছে। ফলে তিনি নিজের ভাবমূর্তি ও আগের মেয়াদের উন্নয়নের চিত্র কীভাবে কাজে লাগাতে পারেন, সেটা দেখার বিষয়।

এ বিষয়ে এ এইচ এম খায়রুজ্জামান বলেন, এটা ঠিক যে, পঁচাত্তর-পরবর্তী সময়ে রাজশাহী ও আশপাশ এলাকায় ধানের শীষের বিজয় হয়েছে। কিন্তু নতুন প্রজন্মকে কাছে টেনে কাজ করতে গিয়ে তিনি তাঁদের আস্থা অর্জন করেছেন। নানা শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হয়েছে। ধাপে ধাপে তিনি তার প্রমাণ পেয়েছেন। যেমন ’৯৬ সালের সংসদ নির্বাচনে পবা-বোয়ালিয়া মিলে তিনি ভোট পেয়েছিলেন ৭৬ হাজার। ২০০১ সালে পান ৯৮ হাজার। ২০০৮ সালের নির্বাচনে পবা উপজেলা বাদ দিয়ে শুধু সিটি করপোরেশন এলাকায় তিনি পেয়েছিলেন ৯৮ হাজার ভোট।

খায়রুজ্জামান মনে করেন, বর্তমান মেয়র কোনো উন্নয়নই করতে পারেননি। শুধু তাই নয়, তিনি (খায়রুজ্জামান) যা করে গিয়েছিলেন তা-ও ধরে রাখতে পারেননি। মেয়রের ব্যর্থতার কারণে এখন রাজশাহীর নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছেন। তাঁরা আর আগের ভুল করবেন না, দলমত-নির্বিশেষে নৌকায় ভোট দেবেন।

বিএনপিতে অন্তঃকলহ
অসম্পূর্ণ মহানগর কমিটি ও জেলা কমিটির সঙ্গে মহানগর কমিটির দূরত্ব বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেনকে ভোগাবে। তবে বিএনপি নেতাদের দাবি, নির্বাচনের আগেই কলহ মিটে যাবে। কিন্তু দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকলে এই কলহ মিটবে? এ ব্যাপারে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘কমিটির নিচের দিকের পদ নিয়ে যে সমস্যা রয়েছে ম্যাডাম বের না হলে সেটার সমাধান করা যাবে না।’

২০১৬ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মোসাদ্দেক হোসেনকে সভাপতি ও শফিকুল হককে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর বিএনপির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি নিয়েও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কমিটির বিপক্ষের নেতারা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এই বিরোধ এখনো মেটেনি। তবে এ নিয়ে চিন্তিত নন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তিনি বলেন, নির্বাচনের আগেই সব ঠিক হয়ে যাবে। এর প্রভাব নির্বাচনে পড়বে না।

কমিটিতে স্থান না পাওয়া একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ‘এখনো ম্যাডাম বের হননি। বিরোধেরও নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় নির্বাচন হচ্ছে। বিরোধ নিষ্পত্তি না হলে নির্বাচনে এর প্রভাব পড়বে। আবার জেলা বিএনপির সঙ্গে মহানগর বিএনপির দূরত্ব রয়েছে। তাঁরা কেন্দ্রীয় কর্মসূচি একসঙ্গে পালন করেন না। এমনকি কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে এলেও তাঁরা একসঙ্গে বসেন না।

দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের ভাবনাগুলো ভিন্ন। ঠিকমতো যে যাঁর ভোট দিতে পারবেন কি না, সারিবদ্ধভাবে ভোটের লাইনে দাঁড়ানোর পরিবেশ বিরাজ করবে কি না, এই উৎকণ্ঠার পাশাপাশি নগরের উন্নয়ন এবং কর্মসংস্থান নিয়েও কথা বলছেন নগরবাসী।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সুব্রত কুমার পাল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন নিয়ে অনেক সমালোচনা আছে। এখন জাতীয় নির্বাচনের চার মাস আগে রাজশাহী সিটি নির্বাচন হতে যাচ্ছে। এর প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে।