আ.লীগের সবাই মোশতাক হয় নাই, মন্তব্য আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম ।ফাইল ছবি
সৈয়দ আশরাফুল ইসলাম ।ফাইল ছবি

আওয়ামী লীগের সবাই মোশতাক আহমেদ হয় নাই, জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে সবাই অবিচল থেকেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের বাড়িটি ময়মনসিংহ রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে। সেখান থেকে রেল স্টেশনে যেতে আগের দিন রাতে কোনো রিকশাওয়ালাকে বলে রাখা লাগত। কারণ সকালে কিছু পাওয়া যেত না। যোগাযোগ ব্যবস্থা তখন এত ভালো ছিল না।’
আদর্শ কর্মীদের বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি বাবা সৈয়দ নজরুল ইসলামের একটি ঘটনার স্মৃতিচারণা করে সৈয়দ আশরাফ বলেন, ‘একবার বঙ্গবন্ধু দেশের বাইরে যাওয়ায় আমার বাবা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন। তিনি তখন বাড়িতে, ময়মনসিংহে। তখন দুই দিন পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়। আমাদের কোনো গাড়ি ছিল না। ঢাকায় যেতে আগের দিন রিকশাওয়ালাকে ভোরে আমাদের বাড়িতে আসতে বলেন। কিন্তু রিকশাওয়ালা ভোরে আসেননি। একদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে, অন্যদিকে রিকশাও আসছে না। তখন বাবা স্যুটকেস মাথায় নিয়েই দুই মাইল হেঁটে স্টেশনে যান, আওয়ামী লীগের সভায় যোগ দিতে। এই হলো আওয়ামী লীগের একজন কর্মী। জীবনে তারা বেইমানি করেন নাই, নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। আওয়ামী লীগের সবাই মোশতাক হয় নাই। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁরা বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকেছেন।’

সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের ৬৬ বছরের ইতিহাসে ৩৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে ৩৪ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি যেন নেতৃত্ব দিয়ে যেতে পারেন, আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি। তিনি বলেন, তাঁর কাজ এখনো শেষ হয়নি। তাঁর মতো ত্যাগ-তিতিক্ষা বাংলাদেশে আর কারও নাই।