আ. লীগের সম্মেলনে আসছে বিজেপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে আসছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিদল। এ ছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসসহ আঞ্চলিক বেশ কয়েকটি রাজনৈতিক দল সম্মেলনে যোগ দিচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব দিপু মনি বিভিন্ন দেশ থেকে আসবেন—এমন অতিথির নাম প্রকাশ করেন।

দিপু মনি বলেন, ভারত থেকে আসছেন বিজেপির নেতা রাজ্যসভার সহসভাপতি বিনায়ক প্রভাকর, রাজ্যসভার সদস্য অভিনেত্রী রুপা গাঙ্গুলি, অনির্বাণ গাঙ্গুলি। কংগ্রেস থেকে আসবেন বর্তমান বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ। তাঁর সঙ্গে থাকবেন প্রদীপ ভট্টাচার্য, সাংসদ মৌসুম নূর এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। তৃণমূল কংগ্রেস থেকে আসছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আবদুস সবুর দফাদার এবং আমিনুল ইসলাম, আসাম গণপরিষদের শ্রী প্রফুল্ল কুমার মহন্ত এবং শ্রী ধ্রুতজ্যোতি শর্মা।

চীন থেকে আসবেন সেদেশের ভাইস মিনিস্টার জেন শিয়াও সংসহ পাঁচজন।

এ ছাড়া ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইতালি, অস্ট্রিয়ার এক বা একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা দিপু মনি।

এ সময় অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত বিদেশি অতিথিদের দেখ-ভালের দায়িত্ব আওয়ামী লীগ থেকে নির্বাচিত তরুণ সাংসদের দেওয়া হয়েছে।