আ. লীগের 'বিদ্রোহী প্রার্থী থাকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৩ ডিসেম্বরের পর পৌর নির্বাচনে তাঁদের দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। এখনো যাচাই-বাছাই চূড়ান্ত না হওয়ায় কিছু এলাকায় একাধিক প্রার্থী রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, বিভিন্ন স্থানে একাধিক প্রার্থী থাকতে পারে। কারণ যাচাই-বাছাই শেষে মনোনীত অনেক প্রার্থী বাদ পড়তে পারেন। কৌশলগত কারণে কিছু প্রার্থী রাখা হয়েছে। এরপরেও কেউ মনোনীত প্রার্থীর বাইরে নির্বাচন করলে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। আর তা হলো বহিষ্কার।

আগামী ১৩ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ ও মিজবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।