আ.লীগ-আ.লীগ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট নেওয়া হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া আর কেউ দলীয়ভাবে প্রার্থী দেয়নি। তবে দলটির আরও একজন নেতা ও সমর্থক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ অবস্থায় এখানে লড়াইটা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। এর মধ্যেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এক প্রার্থী।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান চেয়ারম্যান মো. রবিউল আলম (নৌকা), ইতালির পাদোবা শহর আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া (আনারস) ও আওয়ামী লীগের সমর্থক মো. ইকবাল আহমেদ ভূঁইয়া (চশমা)। তাঁদের মধ্যে রবিউলের পেশা কৃষি এবং বাচ্চু ও ইকবালের পেশা ব্যবসা।

নির্বাচনে ইকবালের কোনো প্রচারণা নেই। তাই লড়াইটা হচ্ছে রবিউল ও বাচ্চুর মধ্যে। এর মধ্যে বাচ্চু সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে রবিউল বলেছেন, ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে ৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, পাঁচজন ম্যাজিস্ট্রেট, ১৭ জন করে আনসার ও চারজন করে পুলিশ সদস্য থাকবেন। এ ছাড়া এক প্লাটুন বিজিবি, র‌্যাবের দুটি দল ও পুলিশের দাঙ্গা প্রতিরোধকারী দল থাকবে।

গত এক সপ্তাহে এ ইউনিয়নের ১৫ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের দিন এখানে শক্তি বাড়ানোর জন্য বহিরাগত ব্যক্তিরা আসবেন। তাঁদের ঠেকানোর জন্য প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে। দলীয় প্রতীক, আঞ্চলিকতা ও বিএনপির ভোটাররা কোন দিকে যাচ্ছেন, তার ওপর এবারের নির্বাচনের ফল নির্ভর করবে। তবে মূল লড়াইটা নৌকা ও আনারসের মধ্যে হবে।
চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল আলম বলেন, ভোটাররা দ্বিতীয়বারের মতো তাঁকে বেছে নেবেন। নৌকার জয় হবে। অপর প্রার্থী বাচ্চু মিয়া বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আনারসের জয় হবে। প্রশাসনকে ভোটের দিন কঠোর থাকতে হবে। বহিরাগতমুক্ত সুষ্ঠু নির্বাচন চাই।’

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন ছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ঘোষ্পা গ্রামের মো. দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

ইউনিয়নে ভোটার ১৪ হাজার ৮৭৭ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৩৯৮ জন ও নারী ৭ হাজার ৪৭৯ জন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।
জানতে চাইলে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। কোনো ধরনের অনিয়ম হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট
দিতে পারবেন।