আ.লীগ উন্নয়নের রাজনীতি করেই আবার ক্ষমতায় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয় উন্নয়নের রাজনীতি করেই আওয়ামী লীগ ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিএনপি বলেছিল বর্তমান সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ গ্রহণ করবে না। কিন্তু সারা দেশে সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ গ্রহণের মধ্যে দিয়ে তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নৌকার বিপুল বিজয় হয়েছে। এখন কাজ করে জনগণের রায়ের সম্মান দিতে হবে। 

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলার নবনির্বাচিত ছয়টি পৌরসভার পৌরমেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মাদ নাসিম আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চায়। তাই বিএনপিকেও হরতাল, নৈরাজ্যের রাজনীতি ছেড়ে দেশের কল্যাণে রাজনীতি করতে হবে। নইলে বাংলার মানুষ একদিন পৌর নির্বাচনের মতো সকল নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলার ৫টি আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত, আব্দুল মজিদ মন্ডল, হাসিবুর রহমান, তানভীর ইমাম ও ম. ম আমজাদ হোসেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, নবনির্বাচিত মেয়রদের মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভার সৈয়দ আব্দুর রউফ, শাহাজাদপুর পৌরসভার হালিমুল হক, বেলকুচি পৌরসভার আশানুর বিশ্বাস ও উল্লাপাড়া পৌরসভার এস এম নজরুল ইসলাম, কাজীপুর নিজাম উদ্দীন, রায়গঞ্জের আব্দুল্লাহ আল পাঠান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।