আ.লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, তখন দেশের উন্নয়ন হয়। কারণ, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
আজ বুধবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময়ে উন্নয়নের বদলে শুধু লুটপাট হয়েছে। তারা দেশকে কয়েক শ বছর পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার আমাদের প্রিয় বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা সহ্য করতে পারছে না বিএনপি ও তারা সহচরেরা। তারা দেশের উন্নয়ন বিঘ্নিত করতে একের পর এক অপচেষ্টা চালাচ্ছে।’
দেশের জনগণ এখন অনেক সচেতন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারও মনগড়া কথা জনগণ বিশ্বাস করে না। তারা রাষ্ট্র ও উন্নয়নবিরোধীদের চক্রান্ত প্রতিহত করে সরকারকে সহযোগিতা করছে এবং করবে।
বুধবার শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন, দ্য নিউ জেনারেশন আইডিয়াল উচ্চবিদ্যালয়, দুধ বকশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাথিউরা (রায়বাসী) কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, দুবাগ সরকারি প্রাথমিক, বালিঙ্গা গ্রামে বিদ্যুতায়ন, ঢেউনগর-দিগলবাক রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া প্রমুখ।