আ.লীগ এবার বিচার বিভাগ করায়ত্ত করতে চাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ প্রশাসনকে করায়ত্ত করেছে। এবার বিচার বিভাগকে করায়ত্ত করে নিতে চাচ্ছে।
গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঠাকুরগাঁও জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উক্তি সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ পড়ে শোনাতে গিয়ে তিনি বলেন, পত্রিকায় এসেছে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলছেন, অধস্তন আদালতকে কবজা করে নিয়ে নিচ্ছেন। এখন চাচ্ছেন সুপ্রিম কোর্টকে হাতে নিয়ে নিতে। এটাই হচ্ছে দেশের প্রকৃত চিত্র।
গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘গুলশান কার্যালয়ে পুলিশ বেআইনিভাবে তল্লাশি করেছে। কিন্তু সেখানে কিছুই পায়নি। এই পুলিশি হামলার প্রতিবাদে আমরা সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু এই সরকার সেখানে জনসভা করার অনুমতি দেয়নি। এ নিয়ে আটবার জনসভার অনুমতি চেয়েও পেলাম না। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি। এতে সরকারের একনায়কতন্ত্রের যে মুখোশ ও চরিত্র, তা আরও বেশি পরিষ্কার হলো।’
নির্বাচন কমিশনের দেওয়া নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার। এ নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের সন্দেহ আছে। প্রধান নির্বাচন কমিশনার দলীয় মানুষ। আমরা যা বলেছি, তা তারা করেনি। তারপরও আমরা সব সময় আশা করি, এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে প্রমাণ করবে তারা নিরপেক্ষ। বিরোধী দলের সঙ্গে কথা বলে তাদের জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে।’
এর আগে দুপুর ১২টার দিকে শহরের সাধারণ পাঠাগার চত্বরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। পরে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
বিকেল সাড়ে চারটার দিকে দ্বিতীয় অধিবেশনে আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে মো. তৈমুর রহমানকে সভাপতি ও মির্জা ফয়সল আমিনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।