আ.লীগ ও জাপা থেকে বিএনপিতে যোগদান
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বীরেন চন্দ্রের (৪২) নেতৃত্বে ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) শতাধিক কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বিডিআর রোডের জেলা বিএনপির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হয়।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বীরেন চন্দ্রসহ অন্যরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপিতে সদ্য যোগদানকারী বীরেন চন্দ্র, কাশেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে আসাদুল হাবিব বলেন, বীরেন চন্দ্রের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী অশ্বিনী চন্দ্র, জীবেদাশ, কৃষ্ণ চন্দ্র, নীলকান্ত, একান্ত বর্মণসহ আওয়ামী লীগ ও জাপার স্থানীয় শতাধিক নেতা-কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করায় এটা প্রমাণ হয়, বিএনপির গ্রহণযোগ্যতা আছে। আওয়ামী লীগ কথায় কথায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তাদের দরদ থাকার কথা বলে এলেও ভেতরে-ভেতরে কী অবস্থা, সেটা সহজে অনুমেয়। আজ সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়ামী লীগের নেতারাও বিএনপিতে আসছেন, আরও আসতে চাচ্ছেন।