মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ডের পর দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল হিসেবি প্রতিক্রিয়া দেখিয়েছে অথবা কৌশলী নীরবতা অবলম্বন করেছে। এ ধরনের আলোচিত ও স্পর্শকাতর হত্যাকাণ্ডের পর সচরাচর দেশের ভেতর যে ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকে, অভিজিৎ খুন হওয়ার পর এ দলগুলোর মধ্যে তেমনটি লক্ষ করা যায়নি।
ক্ষমতাসীন জোটের প্রধান দল আওয়ামী লীগ এবং সরকারের অংশ ও সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বিএনপি অনেক দাবি ও কথামালার মধ্যে এ প্রসঙ্গটি উল্লেখ করেছে। আর জামায়াতে ইসলামী অভিজিতের বাবার বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে হত্যার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে।
বামপন্থী দলগুলো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে হত্যাকাণ্ডের নিন্দা জানালেও তেমন কোনো প্রতিবাদসূচক কর্মসূচি পালন করেনি। তবে, তাদের ছাত্রসংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছাত্র ধর্মঘট আহ্বান করে। নিহত অভিজিতের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে রাখা হলেও প্রধান প্রধান দলের সুপরিচিত নেতাদের কাউকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতেও দেখা যায়নি। বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীদের মৃত্যুতে সাধারণত এসব দলগুলো আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানায় এবং শোক প্রকাশ করে থাকে। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নিহত ব্লগার রাজীবের মৃত্যুর পর আওয়ামী লীগসহ বিভিন্ন দল আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল এবং প্রধানমন্ত্রী তাঁর বাসায়ও গিয়েছিলেন। তবে বিএনপি ও জামায়াত তখন নীরব ছিল।
গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার প্রকৌশলী অভিজিৎ রায় খুন হন। অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক এবং পদার্থবিদ। ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে থাকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যা তদন্ত করছে পুলিশ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে অভিজিত নিহত হওয়ার পর শুক্র থেকে সোমবার—এই চার দিনে রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য, বিবৃতি ও প্রতিবাদের কর্মসূচি দিয়েছে, সেগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যায়, এ ক্ষেত্রে প্রতিবাদের ভাষা ছিল যথেষ্ট দুর্বল। স্পষ্ট কথা বলতে অনেক দল ও নেতার মধ্যে সংশয় ছিল। স্রেফ একটি বিবৃতি দিয়ে কোনো কোনো দল দায়িত্ব শেষ করেছে। আর কেউ কেউ সেটাও করেনি।
রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানের কারণ অনুসন্ধানে জানা গেছে, চলমান রাজনৈতিক সংকটের কারণে কথা বলার ক্ষেত্রে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তা ছাড়া, অভিজিৎ ব্লগার হওয়ায় ও স্বাধীন চিন্তায় বিশ্বাস করায় বিচার চাইতেও কেউ কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি হিসাব-নিকাশ করছে।
অবশ্য ১৪ দলের একাধিক নেতা ও মন্ত্রী জানিয়েছেন, সরকার এ ঘটনার বিচার করতে বদ্ধপরিকর। এ প্রসঙ্গে তাঁরা সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) তদন্ত প্রস্তাবকে স্বাগত জানানোর বিষয়টিও উল্লেখ করেছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনার বিচার চান। তিনি যখন কথা বলেন তখন দেশ, জাতি, সরকার, দল ও জোটের পক্ষে কথা বলেন। অতএব, সরকারের এ বিষয়ে আন্তরিকতার অভাব আছে বলে তিনি মনে করেন না।
১৪ দলের পদযাত্রা কর্মসূচি উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন। ব্রিফিংয়ে তিনি বলেন, ফোনালাপে মান্না-খোকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলতে চেয়েছিলেন। এ কারণেই বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ হত্যার ঘটনা ঘটেছে। এটা তাঁদের ষড়যন্ত্রের প্রথম লাশ।
অভিজিৎ হত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানো সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, সেদিন ১৪ দলের সভার শুরুতে এবং ব্রিফিংয়ের শুরুতে অভিজিৎ হত্যার নিন্দা জানিয়ে শাস্তি দাবি করা হয়। তিনি এ বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন।
ওই হত্যাকাণ্ডের পর বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ভূমিকা ছিল কিছুটা কৌতূহলোদ্দীপক, যাকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। বৃহস্পতিবার অভিজিৎ মারা যাওয়ার পর শনিবার ২০-দলীয় জোটের দুই পৃষ্ঠার এক বিবৃতিতে ৪০ লাইনের মধ্যে শেষ দিকে তিনটি লাইন বরাদ্দ ছিল অভিজিৎ হত্যা নিয়ে। এতে বলা হয়, ‘বাংলা একাডেমি ও টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনীর মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে এ দেশের কোনো নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ।’ দলটি এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী এ ঘটনায় বিবৃতি দিতে একরকম বাধ্য হয়েছে। গত শুক্রবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, দু-একটি অনলাইন মিডিয়ায় অভিজিতের বাবার বরাত দিয়ে জামায়াতকে সম্পৃক্ত করে বক্তব্য প্রকাশ হয়েছে। অভিজিতের বাবা বলেছিলেন, ‘আমার ছেলেকে হত্যার জন্য উগ্র জঙ্গিবাদীরাই দায়ী। আর মদদ দিয়েছে জামায়াত।’ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান। আর এ ঘটনায় ইসলামি দলগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছে নীতি-নৈতিকতা ও আদর্শ গৌণ, মুখ্য হচ্ছে ক্ষমতার সমীকরণ। ক্ষমতার সমীকরণে যাতে বেকায়দায় না পড়তে হয়, সে জন্য তারা উচিত কথা বলা থেকে বিরত থাকে। তাঁর মতে, এটাই হচ্ছে তাদের নিছক ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বৈশিষ্ট্য।
সরকারের ভেতরে থাকা ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল বিবৃতি দিয়ে নিন্দা জানালেও এত বড় ঘটনায় আলাদা কোনো কর্মসূচি পালন করেনি।
সরকারের বাইরে থাকা বাম রাজনৈতিক সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বাম ছাত্রসংগঠনগুলো এই হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি করে কর্মসূচি পালন করছে। তবে ওই সব কর্মসূচি ততটা জোরালো নয়। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ হুমায়ুন আজাদের ওপর হামলার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোর মিছিল অনুষ্ঠানে অভিজিতের ওপর হামলার বিষয়টি অন্তর্ভুক্ত করে। এ ছাড়া, শোকসভার অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন এবং শোক র্যা লি করেন।
তবে দেশের বাইরে ঘটনার নিন্দা জানিয়ে ও বিচারের দাবিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং প্রবাসীরা স্বোচ্চার হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের ওই নাগরিকের হত্যার তদন্তে এফবিআইয়ের সম্পৃক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশনার, যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম (সিপিজে) এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এ ঘটনা নিয়ে প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করেছে। বিবিসি, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, টাইমস অব ইন্ডিয়াসহ নামকরা গণমাধ্যমে অভিজিৎ হত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনার বিচার চেয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠন অধিকার এই হত্যাকাণ্ড নিয়ে কিছুই বলেনি। জানতে চাইলে অধিকারের একজন কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে পত্রিকায় প্রকাশিত ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রথম আলোসহ তিনটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর থেকে দেখা যায়, সরকারের মন্ত্রীদের মধ্যে একমাত্র আইনমন্ত্রী আনিসুল হক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গিয়েছিলেন অজয় রায়ের বাসায়।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিত শোকসভায় সরকারের কোনো মন্ত্রী, দলের কোনো শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন না। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলো হয়তো এ ঘটনাকে সামনে আনতে চাইছে না। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য শীর্ষ রাজনৈতিক নেতারা সতর্ক বলেই মনে হচ্ছে।