আ.লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি
আওয়ামী লীগ ও বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ মত প্রকাশের জন্য ‘বিশেষ বিবেচনায়’ নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে কাল মঙ্গলবার দল দুটি সমাবেশ করতে পারবে।
আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সমাবেশের অনুমতি দেন। সাঈদ খোকন এই অনুমোদন দেওয়ার তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সমাবেশের জন্য পুলিশের অনুমতি লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, মাইক ব্যবহারে পুলিশের অনুমতি লাগবে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হবে। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। এ দিন দুই দলই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। একই স্থানে সমাবেশের অনুমতি চেয়েছিল দুই দলই। পরে দুটি দলই নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে আবেদন করে।