কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। এদিকে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, এ পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নে জাতীয় পার্টির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আওয়ামী লীগ সূত্র জানায়, পেকুয়া সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, টৈটংয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়ায় বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, মগনামায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনাম, বারবাকিয়ায় জেলা যুবলীগের সহসভাপতি জি এম কাশেম, রাজাখালীতে আজমগীর চৌধুরী, শিলখালীতে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজিউল ইনসানকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্র জানায়, পেকুয়া সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাহাদুর শাহ, শিলখালীতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান নুরুল হোছাইন, রাজাখালীতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন সিকদার, টৈটংয়ে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রমিজ উদ্দিন আহমদ, উজানটিয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, মগনামায় ইউনিয়ন যুবদলের সদস্য শরাফত উল্লাহ ওয়াসিম ও বারবাকিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলামকে চেয়াম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি শাফায়েত আজিজ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ক্ষেত্রে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সমর্থন আছে।’
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা শহিদুল মোস্তফা মগনামায়, এইচ এম বদিউল আলম বারবাকিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন। দুজনই বর্তমান চেয়ারম্যান। জামায়াত অন্য পাঁচটি ইউনিয়নেও প্রার্থী চূড়ান্ত করেছে। তাঁরা হলেন টৈটংয়ে হাসান শরীফ, পেকুয়া সদরে ইমতিয়াজ উদ্দিন, উজানটিয়ায় আবু সুফিয়ান, শিলখালীতে মো. ইলিয়াছ ও রাজাখালীতে হুমায়ুন কবির।
পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমতিয়াজ উদ্দিন বলেন, দল-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বেন।
এদিকে পেকুয়া উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি দিদারুল করিম বলেন, পেকুয়া সদরে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজাখালীতে ইউনিয়ন যুব সংহতির সভাপতি মো. ইউনুছ ও উজানটিয়ায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার করিম চৌধুরী নির্বাচন করছেন। তিনি আরও বলেন, ‘একটি দলের মনোনয়নবঞ্চিত কিছু নেতা এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরাও লাঙলের প্রার্থী হতে পারেন।’