কক্সবাজারের রামু উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে এই ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থীরা হলেন ফতেখাঁরকুল ইউনিয়নে আবুল বশর, জোয়ারিয়ানালায় গোলাম কবির, চাকমারকুলে ফয়সাল কাদের, রাজারকুলে আবদুর রহিম, দক্ষিণ মিঠাছড়িতে সাইফুল আলম ও খুনিয়াপালংয়ে শাহেদুজ্জামান বাহাদুর।
রামু উপজেলা বিএনপির সভাপতি এস এম ফেরদৌস গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যালয় থেকে ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচন করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার প্রথম আলোকে বলেন, দল থেকে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন ফতেখাঁরকুল ইউপিতে ফরিদুল আলম, জোয়ারিয়ানালায় কামাল শামসুদ্দিন, দক্ষিণ মিঠাছড়িতে মো. ওসমান গনি, চাকমারকুলে নুরুল ইসলাম সিকদার, রাজারকুলে সরওয়ার কামাল ও খুনিয়াপালং ইউপিতে আবদুল মাবুদ।