আ.লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর ব্যাপক গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মনিরুল হক ও আঞ্জুম সুলতানা
মো. মনিরুল হক ও আঞ্জুম সুলতানা

ছুটির দিন গতকাল শুক্রবার সকাল থেকেই নির্বাচনী গণসংযোগে নামেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী। এর মধ্যে বিএনপির মো. মনিরুল হক সাক্কু নগরের নানুয়ার দিঘির পাড় নিজ বাসভবন থেকে বের হয়ে গণসংযোগ শুরু করেন। আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ঠাকুরপাড়া এলাকার বাসভবন থেকে গণসংযোগে বের হন।
উভয় দলের মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দও গণসংযোগে রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরের কান্দিরপাড়ের কুমিল্লা ক্লাবে ও বিএনপির নেতৃবৃন্দ রেইসকোর্স এলাকার রেডরোফ ইন হোটেলে থেকে গণসংযোগ বের হন। কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে নগর কুমিল্লায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।
আঞ্জুম সুলতানা নগরের রামঘাট এলাকায় সকাল সাতটায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নগরের ১৩ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট, হযরতপাড়া, কাটাবিল, নূরপুর ও বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া সাহাপাড়া এলাকায় উঠান বৈঠক করেন। এ সময় তাঁর সঙ্গে মোগলটুলি এলাকায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার।
মো. মনিরুল হক সাক্কু সকাল ১০টা থেকে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা বাজার, দয়াপুর, রইপুরা ও তারাপাইয়া, ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানকোট, রায়পুর, ধনাইতরি ও নোয়াগাঁও এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ জেলা ও মহানগর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের বাদুরতলা, কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত মাহমুদ ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী রয়েছেন।