ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩টি ইউপির ১২টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ২৩ জন ‘বিদ্রোহী’ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৯ জন আওয়ামী লীগের ও চারজন বিএনপির। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
ছাতকের ইউনিয়নগুলোতে ৩১ মার্চ ভোট হবে। গত বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৩ জন, বিএনপির ১২ জন, জাতীয় পার্টির ১০ জন, খেলাফত মজলিসের একজন ও অন্যরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষে আছেন ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ মহিবুর রহমান ওরফে মানিক। অন্য পক্ষে আছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। দুই পক্ষের লোকজনই এখানে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে যে ইউনিয়নে যে পক্ষ বঞ্চিত হয়েছে, সেখানে তাঁদের লোকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ছাতক সদর ইউপিতে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের মফিজ আলী, রঞ্জন কুমার দাস মনোনয়নপত্র জমা দেন। কালারুকা ইউপিতে আওয়ামী লীগের আফতাব উদ্দিন, জামায়াতের নজমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
চরমহল্লা ইউপিতে আওয়ামী লীগের সিরাজুল হক, আজাদ মিয়া ও আনফর আলী, বিএনপির সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপিতে আওয়ামী লীগের আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও আবদুল মালিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সিংচাপইড় ইউপিতে আওয়ামী লীগের মোজাহিদ আলী ও হারিছ উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জাউয়াবাজার ইউপিতে আওয়ামী লীগের বশির আহমদ ও মুরাদ আহমদ, বিএনপির আবু সফিয়ান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ছৈলা আফজালাবাদ ইউপিতে আওয়ামী লীগের মকসুদ আহমদ, আবদুল খালিক ও সফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভাতগাঁও ইউপিতে আওয়ামী লীগের আবদুর রউফ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
খুরমা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের শামসুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। খুরমা দক্ষিণ ইউপিতে বিএনপির আফরোজ আলী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নোয়ারাই ইউপিতে আওয়ামী লীগের দেওয়ান আবদুল খালিক পীর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দোলারবাজার ইউপিতে আওয়ামী লীগ থেকে শায়েস্তা উদ্দিন, বিএনপি থেকে নুরুল আলম মনোনয়নপত্র জমা দেন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।
ইসলামপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা সুফি আলম সুহেল, বিএনপির বাবুল মিয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কলিমউদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘যেসব ইউপিতে আমাদের একাধিক চেয়ারম্যান প্রার্থী আছেন, আমরা চেষ্টা করব আলাপ-আলোচনার মাধ্যমে তাঁদের সরানোর।’ ইসলামপুর ইউপিতে দলীয় প্রার্থী না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা কেন্দ্র থেকেই খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেছেন, ‘এ ব্যাপারে জেলা থেকে কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব।’ সাংসদ মহিবুর রহমানের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফুর রহমান বলেন, ছাতকের ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৭ জন, সাধারণ সদস্যপদে ৫৫৭ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ১২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।