আ.লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আগামী বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি-সমর্থিত প্রার্থী মীর আক্তার হোসেন বলেন, গতকাল রোববার দুপুরে হাজিরহাট এলাকায় প্রচারণার কাজে গেলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তাওহীদুল ইসলামের সমর্থকেরা বহিরাগত লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। এ সময় তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আরও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাওহীদুল ইসলামের সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন।
তাওহীদুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল মামুন ও তাঁর সম্পর্কে মীর আক্তার হোসেন আজাদ বাজারে এক নির্বাচনী সভায় আপত্তিকর ও অশালীন বক্তব্য দেন। এতে তাঁর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা ওই বক্তব্যের প্রতিবাদ করেন। এর জের ধরে দুপুরে হাজিরহাট বাজারে তাঁর সমর্থকদের সঙ্গে আক্তার হোসেন ও তাঁর লোকজনের কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তাওহীদুল আরও বলেন, গত শুক্রবার রাতে আজাদ বাজার ও করলা মার্কেটে তাঁর দুটি নির্বাচনী কার্যালয়ে আক্তার হোসেনের সমর্থকেরা ভাঙচুর চালিয়েছেন। এ নিয়ে আক্তার হোসেনের সমর্থকদের ওপর তাঁর সমর্থকেরা আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাকির মাহামুদ বলেন, এর আগে আক্তার হোসেনের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তবে গতকাল তাঁর ওপর হামলা সম্পর্কে কোনো অভিযোগ তিনি পাননি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আক্তার হোসেন ও তাওহীদুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাওহীদুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এসব সহিংস ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজিরহাট, টুমচর, চরলক্ষ্মী ও আজাদ বাজার এলাকার কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ঘটছে। উভয় প্রার্থীর পক্ষে বহিরাগত লোকজন এলাকায় মহড়া দিচ্ছেন। এতে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ভোটের দিন তাঁরা আরও বেশি সহিংসতার আশঙ্কা করছেন। ভোট দেওয়া নিয়েও তাঁরা সংশয়ে রয়েছেন।