আ.লীগ ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের একাংশ ও যুবলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছেন। এ অবস্থায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
মধ্যনগর থানা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালের ২২ মার্চ আবদুল আউয়াল তালুকদারকে আহ্বায়ক করে মধ্যনগর থানা আওয়ামী লীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১০ বছরেও ওই কমিটি সম্মেলন করতে পারেনি। গত ২১ এপ্রিল আহ্বায়ক কমিটি বাতিল করে গিয়াস উদ্দিন নূরীকে আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি সম্মেলনের জন্য এক মাসের সময় বেঁধে দেয় জেলা কমিটি।
কিন্তু আট মাসেও সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় গত ১৮ ডিসেম্বর এ আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। ওই দিনই জেলা আওয়ামী লীগ আবদুল আউয়াল তালুকদারকে আহ্বায়ক ও প্রভাকর তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে। আজ বেলা দুইটায় মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে থানা আওয়ামী লীগের এই সম্মেলন হবে। আবদুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান এই সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজকে প্রধান অতিথি করা হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হওয়ায় সংগঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত এ সমস্যা সমাধানে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল আউয়াল তালুকদার জানান, সম্মেলন অনুষ্ঠানের জন্য আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে। ওই দিন সম্মেলন আয়োজনের বিষয়টি স্থানীয় সাংসদ, জেলা পুলিশ সুপার, ইউএনও এবং ওসিকে অবহিত করা হয়েছে। এখন কেউ যদি পাল্টা কর্মসূচি দেয়, সেটি হবে সংগঠনবিরোধী।
থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে মাইকিং চালিয়ে ২৬ ডিসেম্বর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে কর্মিসভার আয়োজন করেছি। এখন সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই।’
থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী বলেন, ‘আহ্বায়ক কমিটি রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার কোনো বিধান দলীয় গঠনতন্ত্রে নেই। এ ছাড়া সম্মেলনের বিষয়টি আমরা জানি না। আমরা ২৬ ডিসেম্বর বেলা ১১টায় চারটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করব।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা ওরফে মুকুট বলেন, ‘সম্মেলন সামনে রেখে ওই দিন সেখানে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। ২৬ ডিসেম্বর আয়োজিত সম্মেলনকে আমাদের দলের যেকোনো নেতা বা কর্মী পাল্টা কর্মসূচি দিয়ে বাধাগ্রস্ত করলে তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’