মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৮ ডিসেম্বর মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচন হবে। এখানে ৮৮৮ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে সাতটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, দুটি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর এবং ৬৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য রয়েছেন।
সূত্র আরও জানায়, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক গোলাম মহীউদ্দিন দল-সমর্থিত প্রার্থী হয়ে ‘আনারস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ‘মোবাইলফোন’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান ‘প্রজাপতি’ প্রতীকে, বজলুল হক খান ‘কাপ-পিরিচ’ ও কাজী রফিকুল ইসলাম ‘তালগাছ’ প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া ১৫টি ওয়ার্ডে সদস্যপদে ৫৪ জন এবং পাঁচটি ওয়ার্ডে সংরক্ষিত (নারী) সদস্যপদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সদস্যপদে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্তত ১০ জন ভোটার ও কয়েকজন দলীয় নেতা-কর্মী বলেন, এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় পুরো জেলায় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে গোলাম মহীউদ্দিনের যোগাযোগ রয়েছে। দলের সভাপতি হিসেবে তাঁর হাত দিয়েই ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে, রমজান আলী মানিকগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। দুই যুগেরও বেশি সময় মেয়র থাকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। দলের একটি অংশ গোপনে তাঁর পক্ষে কাজ করছে। এ ছাড়া বিএনপি-সমর্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা তাঁকে বেছে নিতে পারেন। তাই এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এদিকে নির্বাচনে জয়ী হতে প্রতিদিনই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। গত সোমবার গোলাম মহীউদ্দিন সাটুরিয়া উপজেলার দরগ্রাম, বালিয়াটি, দিঘুলিয়া ও বরাইদ ইউনিয়নে প্রচারণা চালান। তিনি বলেন, ‘আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। জেলা প্রশাসক থাকাবস্থায় জেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
অন্যদিকে, একই দিন রমজান আলী সিঙ্গাইর উপজেলার জামির্তা, জয়মণ্ডপ ও সিঙ্গাইর ইউনিয়ন এবং সিঙ্গাইর পৌরসভা এলাকায় ভোটারদের কাছে যান। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান ও মেয়র ছিলাম। সারা দেশে পৌরসভা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। ভোটাররা আমাকে আশ্বস্ত করছেন। কাজেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আমার জয় নিশ্চিত।’