আ.লীগ কার্যালয়ে তালা প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে তিন দিনের মধ্যে তালা খুলে দেওয়ার দাবি জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ ও মশিয়ার দফাদার, বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। সমাবেশে আগামী তিন দিনের মধ্যে দলীয় কার্যালয়ের তালা খুলে না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।
গত ২৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা উপজেলার ত্রিমোহিনী, সাতবাড়িয়া, হাসানপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করেন। এই কমিটি গঠন নিয়মতান্ত্রিক হয়নি বলে নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, দলের সহসভাপতি তপন কুমার ঘোষ, সহসভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেনের নেতৃত্বে ২৪ জানুয়ারি শহরে বিক্ষোভ সমাবেশ হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দেওয়া হয়।