আ.লীগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, আস্থা রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার রাজধানীতে ‘রাজনীতিতে সত্য-মিথ্যা: পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন। ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার রাজধানীতে ‘রাজনীতিতে সত্য-মিথ্যা: পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন। ছবি: বাসস

নিজ দেশের প্রতি আস্থা না হারাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘দেশ-বিদেশের সব চক্রান্ত অতিক্রম করে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই নিজ দেশের প্রতি আস্থা হারাবেন না।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে ‘রাজনীতিতে সত্য-মিথ্যা: পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এক আলোচনা সভায় জয় এসব কথা বলেন। খবর বাসসের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় বলেন, পদ্মা সেতুর নির্মাণে কোনো দুর্নীতি হয়নি বলে কানাডার আদালত রায় দিয়েছেন। সব ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু এখন দৃশ্যমান।

জয় বলেন, বেসরকারি সংস্থার একটি গ্রুপ সব সময়ই বাংলাদেশের সমালোচনা করে আসছে। অন্যথায় তারা বিদেশ থেকে তহবিল পাবে না। তিনি আরও বলেন, তথাকথিত সুশীল সমাজ কখনো বাংলাদেশের প্রশংসা করে না। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের কোনো সাফল্যেই কোনো ভালো মন্তব্য করেননি। তিনি বলেন, তারা মনে করে অর্থ তাদের ক্ষমতায় নিয়ে যাবে। কিন্তু তারা জানে না সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না।

জয় বলেন, ১৯৭৫ সালে চক্রান্তকারীরা এখন আবারও সক্রিয়। তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত।

আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ফরাস উদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক ও লেখক ইমদাদুল হক মিলন বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত।