রাজশাহী মহানগরে আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরেই আবর্তিত হচ্ছে দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে কেন্দ্র করে। তাঁর সক্রিয়তা-নিষ্ক্রিয়তার ওপর নির্ভর করে এখানকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম।
খায়রুজ্জামান প্রায় ২৬ বছর রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। নয় বছর ধরে দলের সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্বও তৈরি হয়নি। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, জেলা ও মহানগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সব কমিটি খায়রুজ্জামানের কার্যালয়কেন্দ্রিক। তিনিই ‘গুরুদেব’। তাঁকে বাদ দিয়ে কিছু হয় না। তিনি দলের মহানগর কার্যালয়ে এলেই নেতা-কর্মীদের ভিড় বাড়ে। না এলে ফাঁকা থাকে। তাঁর ছবি ছাড়া স্থানীয় নেতাদের পোস্টারও ছাপা হয় না।
অবশ্য খায়রুজ্জামান বলেন, ‘সবাই এটা করে কিছুটা ভালোবাসা থেকে, কিছুটা নিজের স্বার্থ থেকে।’
তবে সংগঠনের একজন জ্যেষ্ঠ সহসভাপতি বলেন, এ এইচ এম খায়রুজ্জামানের যে রাজনৈতিক সাইনবোর্ড রয়েছে, রাজশাহীতে আর কারও নেই। তিনি জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামানের ছেলে। তিনিই রাজশাহীতে আওয়ামী লীগের রাজনীতির ভরসা।
রাজশাহী আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, খায়রুজ্জামান ছাড়া মহানগর কমিটির বাকি নেতাদের প্রায় সবাই শিক্ষকতা, ব্যবসা, ঠিকাদারিসহ নিজ নিজ পেশায় ব্যস্ত। বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে দলের কর্মকাণ্ড। গত বছর রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দাঁড়িয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে হেরে যাওয়ার পর খায়রুজ্জামানের স্থানীয় রাজনীতির প্রতি আগ্রহ কমে গেছে।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি রাজশাহী-৩ অথবা রাজশাহী-৫ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এর পরও তাঁর সমর্থকদের আশা ছিল তাঁকে মন্ত্রী করা হবে। তাঁকে মন্ত্রী করার দাবিতে রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকেরা পোস্টারও লাগিয়েছিলেন। এখন তিনি কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হতে চান বলে তাঁর অনুসারী একাধিক নেতা জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে এ এইচ এম খায়রুজ্জামান প্রথম আলোকে জানান, তিনি ২৬ বছর ধরে মহানগরের সাধারণ সম্পাদক পদে আছেন। তাঁর আরও বিস্তৃত পরিসরে রাজনীতি করা উচিত।
মেয়াদোত্তীর্ণ কমিটি
দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন হয় ২০০৫ সালের ১৬ জানুয়ারি। তাতে মাসুদুল হক সভাপতি ও খায়রুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। এ কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের ১৫ জানুয়ারি। এরই মধ্যে সভাপতি মারা যান। সহসভাপতি বজলুর রহমানকে সভাপতি করা হয়। এরপর কমিটির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। সেই বর্ধিত মেয়াদও পার হয়েছে সাড়ে তিন বছর আগে।
সভাপতি বজলুর রহমানকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নতুন দায়িত্ব নিয়ে ব্যস্ত।
এর মধ্যে একবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছিল গত ১৯ জুলাই। তার কয়েক দিন আগে মহানগর কমিটির সভায় সম্মেলন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। এখন পর্যন্ত সম্মেলনের পরবর্তী তারিখ ঠিক করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, দলীয় সভানেত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। সামনে ঈদের পরেই মহানগরের সম্মেলন করা হবে।