চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছেন বিএনপিদলীয় চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান। গত বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ২৬ জুলাই কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল। মনোনয়নপত্র বাছাইয়ের সময় আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরীর নামে বাংলাদেশ ব্যাংক থেকে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো চিঠিতে জানা যায়, ফারুক চৌধুরী একজন ঋণখেলাপি। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা আপত্তি উত্থাপন করলে আওয়ামী লীগের প্রার্থী তাঁর কাগজপত্র উপস্থাপন করার জন্য সময়ের আবেদন করেন।
আবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আইনের সঙ্গে সাংঘর্ষিক, অগ্রহণযোগ্য ও বাস্তবতার বিপরীত কাগজপত্র তৈরি করে জেলা নির্বাচন কার্যালয়ে দাখিল করেন। এভাবে নির্বাচন কর্মকর্তাকে ভুল পথে পরিচালিত করে মনোনয়নপত্র বৈধ করে নেন। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে ফারুক চৌধুরীর ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ি থাকায় আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়া আবশ্যক।
তবে ফারুক চৌধুরী এ অভিযোগকে তাঁর বিরুদ্ধে নির্বাচনী অপপ্রচার বলে দাবি করেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী নির্ধারিত সময়ে ব্যাংকের টাকা পরিশোধ করেছেন। তাই তিনি খেলাপি নন।