
কাল বাদে পরশু ভোট। এখন শেষ সময়ে এসে সিলেটে সরকারি দল ছাড়া অন্য মেয়র প্রার্থীদের দুশ্চিন্তা নির্বাচনী এজেন্ট নিয়ে। ভোটকেন্দ্রে এজেন্টদের নিরাপদে পৌঁছানো এবং তাঁদের পুরো সময় কেন্দ্রে রাখাকে প্রার্থীরা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
আওয়ামী লীগের নেতারা এ দুশ্চিন্তাকে অমূলক দাবি করলেও বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ ও জামায়াতের (স্বতন্ত্র) মেয়র প্রার্থীরা এজেন্ট নিয়ে তাঁদের শঙ্কার কথা জানিয়েছেন। সিপিবি-বাসদ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আবু জাফর গতকাল প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি সংস্থা তাঁদের কাছে এজেন্টদের নামের তালিকা চেয়েছে। এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে দূরে রাখতে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে।
অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এজেন্টদের তালিকা চাওয়ার কথা স্বীকার করেনি।
অন্যদের তুলনায় বিএনপির প্রার্থীর দুশ্চিন্তা বেশি। বিএনপির নেতাদের দাবি, খুলনা ও গাজীপুরের অভিজ্ঞতা, সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং নতুন নতুন মামলার কারণে নির্বাচনী এজেন্ট নিয়ে তাঁদের উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে এজেন্ট হতে পারেন এবং নির্বাচনী কাজে যুক্ত গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের একটা বড় অংশ সম্প্রতি দায়ের হওয়া তিন মামলার আসামি হয়ে বাড়িছাড়া হয়ে আছেন।
এর মধ্যে বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত ৪৮ জনের সবাই বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর গুরুত্বপূর্ণ কর্মী বলে দাবি করেছেন তিনি। ওই মামলায় বৃহস্পতিবার রাতেই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাঁরা বিএনপির প্রার্থীর সম্ভাব্য এজেন্ট ছিলেন।
বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের একটি নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরেকটি নতুন মামলার আশঙ্কা করছেন বিএনপির নেতারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। তাতে যদি আরও সম্ভাব্য এজেন্টদের আসামি করা হয়, তাহলে ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি বুথে একজন করে নির্বাচনী এজেন্ট ঠিক করাও বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। এ ছাড়া এজেন্টদের নিরাপদে ভোটকেন্দ্রে প্রবেশ এবং পুরোটা সময় থাকতে পারা নিয়েও শঙ্কা আছে।
আরিফুল হক বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, তাঁর নির্বাচনী এজেন্টরা জিহাদি মনোভাব নিয়ে কেন্দ্রে যাবেন। জীবন দিয়ে হলেও তাঁরা কেন্দ্রে থাকার চেষ্টা করবেন। তবে তিনি গত রাতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ভোটের দিন তাঁর এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা, গ্রেপ্তার, গুম, কেন্দ্র দখল করে সরকারদলীয় মেয়র প্রার্থীর পক্ষে ফল নিয়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির কিসের শঙ্কা আমরা জানি না। সব সময় তারা নির্বাচন এলেই শঙ্কা প্রকাশ করে। আবার নির্বাচনী প্রচারে অংশও নেয়।’ তিনি বলেন, তাঁর বিশ্বাস, সিলেটে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী দলীয় সমর্থক বা তাঁদের সন্তানদের এজেন্ট নিয়োগ করার একটা চিন্তা করছেন। সূত্রটির দাবি, প্রভাবশালী ব্যক্তি বা তাঁদের সন্তানদের কেন্দ্র থেকে জোর করে বের করতে বেগ পেতে হবে, তাতে স্থানীয়ভাবে বড় প্রতিক্রিয়া হবে।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন খান গতকাল ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া বা কেন্দ্র থেকে বের দেওয়ার ঘটনা ঘটতে পারে। তেমনটা হলে তিনি ভোট বর্জন করবেন।
আর স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের প্রচার বিভাগ গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুবায়ারের প্রধান এজেন্ট হাফিজ আবদুল হাইয়ের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জের গহরপুরে পুলিশ তল্লাশি চালিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, এজেন্ট দেওয়াটাই এখন অনেক মেয়র প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজেন্ট দিলেও তাঁরা কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, ১৯৭৯ সালের নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে সিলেটে এমন অবস্থা তিনি দেখেননি। পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা সেটা করতে পারেনি।
স্থানীয় লোকজন বলছেন, সিলেটের রাজনৈতিক অঙ্গনে সব সময় একটা সম্প্রীতি বিরাজ করেছে। এ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তেমন কাদা-ছোড়াছুড়ি শুরুতে দেখা যায়নি। শেষ দিকে এসে পুলিশের অভিযান, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা এবং আওয়ামী লীগের প্রার্থীর একটি কার্যালয়ে আগুন ও সর্বশেষ আরেকটি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরপর বড় দুই দলের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও শুরু হয়েছে। এটা রাজনৈতিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করে কি না, সে শঙ্কাও তৈরি হয়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।