আ.লীগ জঙ্গিবাদ উত্থানের সুযোগ করে দেয়: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ দেশে জঙ্গিবাদের উত্থানের সুযোগ তৈরি করে দেয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আর গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই জঙ্গিবাদ সৃষ্টির পরিবেশ তৈরি হয়। গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে গেলে উগ্রপন্থার উত্থান ঘটে।
‘ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল হতে পারে না’—বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তারেকের বক্তব্য ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে ভিন্নমত থাকবে। সবার রাজনীতি করার অধিকার আছে।
এ কে খন্দকার গুমর ফাঁস করেছেন: গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দাবি করেন, এ কে খন্দকার তাঁর বইতে (১৯৭১: ভেতরে বাইরে) গুমর ফাঁস করে দিয়েছেন। এ কারণে সংসদ থেকে তাঁর বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়েছে। দেশদ্রোহের অভিযোগে বিচারের কথা বলা হচ্ছে।
এম কে আনোয়ার বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তা কোথাও এ কে খন্দকার পাননি। মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের কোনো প্রস্তুতি ছিল না। শেখ মুজিব ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন ‘জয় পাকিস্তান’ বলে। হাবিবুর রহমানের বইয়ের প্রথম সংস্করণেও এ কথা উল্লেখ ছিল।