আওয়ামী লীগকে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অস্ত্র তাদের হাতে, বোমা মারছে তারা, মিছিলে গুলি করছে তাদেরই পুলিশ, হামলা করছে তাদের লোকজন। তারাই তো সন্ত্রাস ও জঙ্গিবাদের জনক।’
জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সহিংসতা করে দোষ দেয় বিএনপিকে। জঙ্গিবাদের উত্থান হয়েছিল আওয়ামী লীগের আমলে। অথচ এখন বিএনপিকে নতুন করে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসের কথা উল্লেখ করে বলেন, এ অবস্থা চলতে থাকলে দেশ ধ্বংসের দিকে যাবে।
আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, এতই যদি জনপ্রিয় দল হয়, তাহলে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নতুন নির্বাচন দিন। তাহলে বোঝা যাবে জনগণের কাছে কে কতটা জনপ্রিয়।
‘বিএনপি জঙ্গিবাদী সংগঠন’—তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনি অতীত ইতিহাস একেবারেই ভুলে গেছেন। জনগণকেও ইতিহাস ভুলিয়ে দিতে চান। কিন্তু মানুষ জানে, আপনারাই দেশে জঙ্গিবাদ শুরু করেছিলেন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠন করে ৩০ হাজার মানুষকে হত্যা করেছিলেন। এর জন্য আপনাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।